শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) শাখা ছাত্রদলের উদ্যোগে আয়োজিত ‘দেশনেত্রী বেগম খালেদা জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট-২০২৬’ সম্পন্ন হয়েছে। ফাইনালে সমাজকর্ম বিভাগকে ৩–০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে ব্যবসায় প্রশাসন (বিবিএ) বিভাগ।
বৃহস্পতিবার বিকেল ৫টায় বিশ্ববিদ্যালয়ের হ্যান্ডবল গ্রাউন্ডে টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের নিয়ে এ টুর্নামেন্টের আয়োজন করা হয়।
খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. খায়রুল ইসলাম।
অনুষ্ঠানে উপাচার্য বলেন, ‘আমরা চাই বিশ্ববিদ্যালয়ে লেখাপড়ার পাশাপাশি শিক্ষার্থীরা যেন সহশিক্ষা কার্যক্রমেও সক্রিয়ভাবে অংশ নেয়।’ এসময় তিনি সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রাজনৈতিক অবদান সম্পর্কে শিক্ষার্থীদের জানার কথাও বলেন।
বিশ্ববিদ্যালয়ের খেলাধুলার অবকাঠামোগত উন্নয়নের বিষয়ে উপাচার্য বলেন, বিশ্ববিদ্যালয়ে একটি আধুনিক স্পোর্টস কমপ্লেক্স করার পরিকল্পনা রয়েছে। পাশাপাশি কেন্দ্রীয় মাঠের উন্নয়নেও কাজ করা হবে।
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. জি এম রবিউল ইসলাম, প্রক্টর অধ্যাপক মো. মোখলেসুর রহমান, আইকিউএসির অতিরিক্ত পরিচালক অধ্যাপক ড. মো. আবদুল হামিদ, অতিরিক্ত পরিচালক ও সহকারী প্রক্টর অধ্যাপক ড. মোহাম্মদ মাসুদ আলম, সহকারী প্রক্টর অধ্যাপক ড. মোহাম্মদ মনযুর উল-হায়দার, অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম, প্রভাষক মো. মাসুম বিল্লাহ এবং সিলেট মহানগর ছাত্রদলের সভাপতি অ্যাডভোকেট সুদীপ জ্যোতি এষ উপস্থিত ছিলেন।
টুর্নামেন্টের চ্যাম্পিয়ন দলকে নগদ ৫ হাজার টাকা ও চ্যাম্পিয়ন ট্রফি এবং রানার্সআপ দলকে ৩ হাজার টাকা ও রানার্সআপ ট্রফি দেওয়া হয়। এ ছাড়া টুর্নামেন্টের ‘মিম কনটেস্ট’ এর বিজয়ীদেরও পুরস্কৃত করা হয়। কনটেস্ট প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জনকারীকে ১ হাজার ৫শ টাকা, দ্বিতীয় স্থান অর্জনকারীকে ১ হাজার টাকা এবং তৃতীয় স্থান অর্জনকারীকে ৫শ টাকা দেওয়া হয়।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শাবিপ্রবি শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক নাঈম সরকার। পরে অতিথিরা বিজয়ী ও রানার্সআপ দলের খেলোয়াড়দের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেন।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

