বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার সৈয়দ আহমেদ মারুফ বলেছেন, পাকিস্তানের বিভিন্ন উচ্চশিক্ষা-গবেষণা প্রতিষ্ঠানে বাংলাদেশের শিক্ষক-গবেষক ও শিক্ষার্থীদের জন্য প্রায় ৩০০ বৃত্তির ব্যবস্থা রয়েছে। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) শিক্ষার্থীরাও এ সুযোগ পাবেন।
বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক উপাচার্য অধ্যাপক ড. মো. শওকাত আলীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়কালে তিনি একথা বলেন। এ সময় দুই দেশের উচ্চশিক্ষা ও গবেষণা ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতার বিষয়ে আলোচনা হয়েছে।
সভায় ভিসি বলেন, দেশে-বিদেশে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সঙ্গে শিক্ষা ও গবেষণা বিনিময়ে যৌথ কার্যক্রম চালাচ্ছে বেরোবি প্রশাসন। পাকিস্তান-বাংলাদেশের বিশ্ববিদ্যালয় পর্যায়ে শিক্ষা-গবেষণার ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধি, যৌথ গবেষণা প্রকল্প গ্রহণ ও প্রকাশনা কার্যক্রম পরিচালনা, একাডেমিক কর্মশালাসহ বিভিন্ন বিষয়ে আগ্রহ প্রকাশ করেন।
মতবিনিময় সভায় কলা অনুষদের ডিন প্রফেসর ড. শফিকুর রহমান, বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর কমলেশ চন্দ্র রায়, প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন প্রফেসর ড. মিজানুর রহমানসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
এর আগে, পাকিস্তান হাইকমিশনারের নেতৃত্বে প্রতিনিধিদলকে উত্তরবঙ্গের বিদ্যাপীঠ শহীদ আবু সাঈদের ক্যাম্পাসে স্বাগত জানান উপাচার্য। এ সময় অতিথিদের বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম সম্পর্কে জানান উপাচার্য অধ্যাপক ড. মো. শওকাত আলী।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

