ঢাকা বিশ্ববিদ্যালয়ের শেখ মুজিবুর রহমান হলের জুলাই শহীদ স্মৃতি ভবনে প্রথমবারের মতো হলভিত্তিক ‘জুলাই সেন্টার’ এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। সেন্টারে জুলাই অভ্যুত্থানের বিভিন্ন ছবি, বই ও স্মৃতি মাখা জিনিসপত্র সংরক্ষণ করা হয়।
সোমবার বিকেলে আনুষ্ঠানিক উদ্বোধনের মধ্য দিয়ে ‘জুলাই গণ-অভ্যুত্থান’ স্মরণ ও তার চেতনা ধারণের লক্ষ্যে এ কেন্দ্রের যাত্রা শুরু হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. মামুন আহমেদ। সভাপতিত্ব করেন শেখ মুজিবুর রহমান হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক ড. খোরশেদ আলম।
অধ্যাপক মামুন আহমেদ বলেন, “২০২৪ সালের জুলাই বিপ্লব কেবল ছাত্রদের প্রতিবাদ ছিল না, এটি ছিল পুরো জাতির বিবেকের পুনর্জাগরণ। ঢাকা বিশ্ববিদ্যালয় ছিল সেই জাগরণের প্রেরণা, কেন্দ্রবিন্দু এবং নেতৃত্বদাতা। আমাদের শ্রেণিকক্ষ হয়ে উঠেছিল রণকৌশলের মঞ্চ, ক্যাম্পাস পরিণত হয়েছিল ন্যায় ও গণতন্ত্রের জন্য সংগ্রামের দুর্গে।”
তিনি বলেন, “বৈষম্যহীন, অন্তর্ভুক্তিমূলক একটি সমাজ গঠনের যে স্পিরিট ‘জুলাই’ দিয়ে গেছে, তা কেবল স্মৃতির মধ্যেই সীমাবদ্ধ রাখা যাবে না। সেই চেতনার ধারাবাহিক অনুরণন এই ‘জুলাই সেন্টার’-এর মাধ্যমেই সম্ভব। এটি হবে নতুন প্রজন্মের জন্য গবেষণা, শিক্ষা ও অনুপ্রেরণার এক গুরুত্বপূর্ণ কেন্দ্র।”
আয়োজনে উপস্থিত ছিলেন হলের আবাসিক শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা।
অনুষ্ঠানে ‘জুলাই গণ-অভ্যুত্থান’-কে উপজীব্য করে নির্মিত একটি তথ্যচিত্রও প্রদর্শন করা হয়।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

