ক্যাশলেস অর্থনীতি গড়ে তোলা এবং নিরাপদ ডিজিটাল লেনদেন সম্পর্কে শিক্ষার্থীদের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলা কিউআর বিষয়ক একটি সচেতনতামূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৬ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের এমবিএ ভবনের অধ্যাপক আব্দুল্লাহ ফারুক মাল্টিপারপাস কনফারেন্স হলে আয়োজিত এ অনুষ্ঠানের উদ্বোধন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টিং বিভাগের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মাকছুদুর রহমান সরকারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান। বিশেষ অতিথি ছিলেন ডাচ-বাংলা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. এহতেশামুল হক খান।
উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম বলেন, নিরাপদ ডিজিটাল লেনদেন এবং ক্যাশলেস অর্থনীতি গঠনে বাংলা কিউআর গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তিনি বলেন, বাংলা কিউআরের মাধ্যমে দেশের সব ব্যাংক, মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) এবং অন্যান্য পেমেন্ট সেবাদাতার মধ্যে সহজ, দ্রুত ও নিরাপদ ডিজিটাল লেনদেন নিশ্চিত করা সম্ভব হবে। এ ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের মধ্যে ডিজিটাল পেমেন্ট ব্যবস্থার প্রতি সচেতনতা ও আস্থা বাড়াবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।
উপাচার্য বাংলা কিউআর বিষয়ে সচেতনতামূলক এ আয়োজনের জন্য সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান। একই সাথে বিশ্ববিদ্যালয়ের অসচ্ছল শিক্ষার্থীদের শিক্ষা ও কল্যাণে সহায়তার জন্য বিভিন্ন সরকারি ও বেসরকারি ব্যাংকের কর্তৃপক্ষের প্রতি এগিয়ে আসার আহ্বান জানান।
অনুষ্ঠানে বক্তারা ডিজিটাল আর্থিক ব্যবস্থাপনায় আন্তঃপরিচালনযোগ্য (Interoperable) পেমেন্ট অবকাঠামোর গুরুত্ব তুলে ধরেন। তারা বলেন, বাংলা কিউআর চালুর ফলে বিভিন্ন ব্যাংক ও মোবাইল আর্থিক সেবার গ্রাহকেরা একটি অভিন্ন কিউআর কোড ব্যবহার করে সহজেই লেনদেন সম্পন্ন করতে পারবেন, যা দেশের ডিজিটাল অর্থনীতিকে আরও গতিশীল করবে।
মতবিনিময় সভায় অ্যাকাউন্টিং বিভাগের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী এবং আমন্ত্রিত অতিথিদের বাংলা কিউআরের ব্যবহার, সুবিধা ও কার্যপ্রণালি সম্পর্কে বিস্তারিত ধারণা দেওয়া হয়। অনুষ্ঠানে লাইভ ট্রানজেকশন প্রদর্শনী, সচেতনতামূলক উপস্থাপনা এবং অংশগ্রহণকারীদের বিভিন্ন প্রশ্নের উত্তর নিয়ে একটি প্রাণবন্ত প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

