চট্টগ্রাম ও রাজশাহীতে ভর্তি পরীক্ষার কেন্দ্র

কুবির ভর্তি পরীক্ষা ৫ ফেব্রুয়ারি থেকে, আবেদন ১৫ নভেম্বর

কুবির ভর্তি পরীক্ষা ৫ ফেব্রুয়ারি থেকে, আবেদন ১৫ নভেম্বর

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ২০২৬-২৭ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা করা হয়েছে। আগামী ৫, ৬ ও ৭ ফেব্রুয়ারি তিনটি ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীরা আগামী ১৫ নভেম্বর থেকে ১০ ডিসেম্বর পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার বিকেল ৩টায় উপাচার্য অধ্যাপক ড. এম এম শরীফুল করীমের সভাপতিত্বে অনুষ্ঠিত কেন্দ্রীয় ভর্তি কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। পরে বিশ্ববিদ্যালয়ের উপ-রেজিস্ট্রার মোহাম্মদ এমদাদুল হক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘এ’ ইউনিটের (বিজ্ঞান ও প্রকৌশল অনুষদ) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ৫ ফেব্রুয়ারি ২০২৭ সকাল ১১টায়। ‘বি’ ইউনিটের (কলা ও মানবিক, সামাজিক বিজ্ঞান এবং আইন অনুষদ) পরীক্ষা হবে ৬ ফেব্রুয়ারি বিকেল ৩টায়। আর ‘সি’ ইউনিটের (বিজনেস স্টাডিজ অনুষদ) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ৭ ফেব্রুয়ারি সকাল ১১টায়।

ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীরা আগামী ১৫ নভেম্বর থেকে ১০ ডিসেম্বর ২০২৬ পর্যন্ত অনলাইনে আবেদন করার সুযোগ পাবেন। আবেদন প্রক্রিয়া, যোগ্যতা, ভর্তি পরীক্ষার ফি ও অন্যান্য প্রয়োজনীয় তথ্য বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত মাধ্যমে জানানো হবে।

শিক্ষার্থীদের সুবিধার্থে এবার কুমিল্লার পাশাপাশি চট্টগ্রাম ও রাজশাহী শহরেও ভর্তি পরীক্ষার কেন্দ্র রাখা হবে। ফলে দেশের বিভিন্ন প্রান্তের শিক্ষার্থীরা নিজেদের সুবিধাজনক কেন্দ্রে ভর্তি পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ পাবেন।

বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, ভর্তি পরীক্ষা-সংক্রান্ত বিস্তারিত তথ্য বিভিন্ন গণমাধ্যমের পাশাপাশি কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট এবং বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ফেসবুক পেজে ভেরিফায়েড বিজ্ঞপ্তির মাধ্যমে প্রকাশ করা হবে।

ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীদের ভর্তি-সংক্রান্ত পরবর্তী নির্দেশনা ও বিজ্ঞপ্তির জন্য বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল মাধ্যমগুলো অনুসরণ করার পরামর্শ দেওয়া হয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন