ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের নির্বাচন কমিশন ও সুনির্দিষ্ট রোডম্যাপ ঘোষণাসহ তিন দফা দাবিতে আমরণ অনশনে বসেছেন ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় সংসদের সভাপতি বিন ইয়ামিন মোল্লা।
বুধবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবনের সামনে তিনি এই অনশন কর্মসূচি শুরু করেন। দাবি আদায় না হওয়া পর্যন্ত এই কর্মসূচি চলমান থাকবে বলেও জানান তিনি।
বাকি দুই দাবি হলো- সাম্য হত্যাকারীদের গ্রেফতার ও বিচার করা এবং নিরাপত্তার স্বার্থে ঢাবি ও পার্শ্ববর্তী এলাকায় পর্যাপ্ত সিসি ক্যামেরা লাগানো। এ বিষয়ে তিনি বলেন, মে মাসের ১৫ তারিখের মধ্যে নির্বাচন কমিশন গঠনের কথা থাকলেও এখনো প্রশাসন তা করেনি। দৃশ্যমান কোনো পদক্ষেপও দেখতে পাচ্ছি না। দাবি জানাচ্ছি, দ্রুত ডাকসুর তফসিল ঘোষণা ও নির্দিষ্ট রোডম্যাপ ঘোষণা করতে হবে।
এদিকে বিকেলে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে সহকারী প্রক্টর ড. মো: রবিউল ইসলাম ও ড. মুহাম্মদ রফিকুল ইসলাম এসে বিন ইয়ামিন মোল্লার সাথে কথা বলেন। এ সময় তারা বিন ইয়ামিন মোল্লাকে অনশন তুলে নিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে আলোচনা করার আহ্বান জানান।
এ বিষয়ে বিন ইয়ামিন মোল্লা বলেন, আমি প্রশাসনকে জানিয়েছি, এর আগেও বহুবার প্রশাসনের সাথে আমরা ডাকসুর দাবিতে বসেছি। কিন্তু কোনো কাজ হয়নি। ডাকসু নির্বাচন দিতে প্রশাসন কোথায় আটকে যাচ্ছে, এটা আমাদের বলুক। নির্বাচন দিতে তাদের কি বাক্স-জনবল, লোকবলের অভাব নাকি কোনো একটি গোষ্ঠীর চাপের মুখে তারা সেটা দিতে পারছেন না? দাবি আদায় না হওয়া পর্যন্ত আমি অনশন চালিয়ে যাবো।
এমএস
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

