কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় ধরলা নদীর মোহনা থেকে কালো জিন্সপ্যান্ট ও মাটিয়া রঙের টি-শার্ট পরিহিত অজ্ঞাত এক যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার বিকেলে উপজেলার বড়ভিটা ইউনিয়নের চর বড়ভিটা গ্রামসংলগ্ন ধরলা নদীর মোহনা থেকে লাশটি উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানান, ধরলা নদীর মোহনায় ভাসমান অবস্থায় লাশটি দেখতে পান নদীর পাড়সংলগ্ন এলাকার লোকজন। পরে তারা জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন করে বিষয়টি জানান। খবর পেয়ে ফুলবাড়ী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।
উদ্ধার হওয়া যুবকের পরনে ছিল কালো জিন্সপ্যান্ট ও মাটিয়া রঙের টি-শার্ট। লাশটি অর্ধগলিত হওয়ায় তাৎক্ষণিকভাবে তার পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।
কেউ কেউ বলছেন, যুবককে হত্যা করে লাশটি নদীর মোহনায় ফেলে দেওয়া হয়ে থাকতে পারে। আবার কারও ধারণা, উজান বা দূরের কোনো এলাকা থেকে লাশটি পানিতে ভেসে এখানে এসে পৌঁছেছে।
তবে লাশ উদ্ধারের পর প্রাথমিকভাবে এর পরিচয় বা মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত কোনো তথ্য জানাতে পারেনি পুলিশ। ঘটনার সঙ্গে হত্যাকাণ্ড জড়িত কি না, সেটিও এখনো নিশ্চিত হওয়া যায়নি।
ফুলবাড়ী থানার ডিউটি অফিসার বিপ্লব বলেন, ‘উদ্ধার করা লাশের নাম-ঠিকানা এখনো জানা যায়নি। পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। লাশের ডিএনএ পরীক্ষার জন্য রংপুর থেকে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)–এর একটি দল আসতে পারে।’
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

