জুলাই শহীদ রুদ্রর মৃত্যুবার্ষিকীতে সুবিধাবঞ্চিত শিশুদের খাবার ও শিক্ষা উপকরণ বিতরণ

জুলাই শহীদ রুদ্রর মৃত্যুবার্ষিকীতে সুবিধাবঞ্চিত শিশুদের খাবার ও শিক্ষা উপকরণ বিতরণ

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) শিক্ষার্থী শহীদ রুদ্র সেনের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে খাবার ও শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।

বিজ্ঞাপন

শনিবার দুপুর দেড়টায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষাভবন ‘বি’-এর নিচতলার একটি কক্ষে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড পলিমার সায়েন্স বিভাগের শিক্ষার্থীদের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।

বিশ্ববিদ্যালয়ের স্বেচ্ছাসেবী সংগঠন কিন পরিচালিত কিন স্কুলের ৮০ জন সুবিধাবঞ্চিত শিক্ষার্থীর মাঝে খাবার বিতরণ করা হয়। এ সময় শহীদ রুদ্র সেনের বড় বোনের সহায়তায় শিক্ষার্থীদের মাঝে খাতা-কলমও বিতরণ করা হয় বলে জানান বিভাগের শিক্ষার্থী আনন্দ দত্ত।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড পলিমার সায়েন্স বিভাগের অধ্যাপক ইঞ্জিনিয়ার সালমা আখতার, অধ্যাপক জুবায়ের বিন মুখলেস, প্রভাষক ড. নওরিন খানম ও মো. মোহাইমিনুল ইসলাম। এ ছাড়া কিনের সভাপতি আরিফুল ইসলাম ও সাধারণ সম্পাদক ফাইয়াজ আল মুহাইমিনসহ সংগঠনটির সদস্যরা উপস্থিত ছিলেন।

কর্মসূচি সম্পর্কে বিভাগের শিক্ষার্থী আনন্দ দত্ত বলেন, “আজ আমাদের বিশ্ববিদ্যালয়ের একমাত্র শহীদ রুদ্র সেনের মৃত্যুর দুই বছর পূর্ণ হলো। কিন্তু দুঃখজনক বিষয় হলো, দীর্ঘ সময় পার হলেও তাঁর স্মরণে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে এখনো কোনো স্থায়ী উদ্যোগ গ্রহণ করা হয়নি।”

তিনি আরও বলেন, “গত দুই বছর ধরে আমরা প্রশাসনের কাছে রুদ্রের স্মৃতি সংরক্ষণে একটি স্থায়ী স্মৃতিস্তম্ভ নির্মাণের দাবি জানিয়ে আসছি। কিন্তু এখনো এ বিষয়ে কোনো সুস্পষ্ট প্রতিশ্রুতি বা কার্যকর উদ্যোগ দেখা যায়নি।”

রুদ্র সেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড পলিমার সায়েন্স বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। ২০২৪ সালের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ১৮ জুলাই সন্ধ্যায় পুলিশ ও ছাত্রলীগের ধাওয়ার মধ্যে বিশ্ববিদ্যালয়সংলগ্ন সুরমা আবাসিক এলাকার একটি খালে পড়ে তাঁর মৃত্যু হয়।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন