ঢাবিকে বিশেষ মর্যাদা দেওয়ার দাবি শিক্ষকদের

ঢাবিকে বিশেষ মর্যাদা দেওয়ার দাবি শিক্ষকদের

দেশের রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক এবং শিক্ষা খাতসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সেক্টরে ঐতিহাসিক অবদান রাখায় ঢাকা বিশ্ববিদ্যালয়কে ‘বিশেষ মর্যাদা’ দেওয়ার দাবি জানিয়েছেন এর শিক্ষকরা। রোববার (১ জুন) দুপুরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খানের কাছে এ সংক্রান্ত একটি স্মারকলিপি পেশ করেন শিক্ষকরা।

বিজ্ঞাপন

স্মারকলিপিতে ৮৩টি বিভাগের শিক্ষকদের স্বাক্ষর ছিল। এতে বলা হয়, ‘ঢাকা বিশ্ববিদ্যালয় শুধু একটি উচ্চশিক্ষা প্রতিষ্ঠান নয়—এটি বাংলাদেশের ইতিহাস, সংস্কৃতি, রাজনীতি ও অগ্রগতির এক অবিচ্ছেদ্য অংশ। মহান ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ, স্বৈরাচারবিরোধী আন্দোলন থেকে শুরু করে সাম্প্রতিক গণঅভ্যুত্থান পর্যন্ত প্রতিটি ঐতিহাসিক মুহূর্তে এই বিশ্ববিদ্যালয় নেতৃস্থানীয় ভূমিকা পালন করেছে।’

স্মারকলিপিতে আরও উল্লেখ করা হয়, দেশের সকল স্তরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গ্র্যাজুয়েটরা গুরুত্বপূর্ণ অবদান রাখছেন। দেশের পাশাপাশি আন্তর্জাতিক পরিমণ্ডলেও এই বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীরা সুনামের সঙ্গে দায়িত্ব পালন করছেন। অথচ দেশের প্রধান উচ্চশিক্ষা প্রতিষ্ঠান হিসেবে এই বিশ্ববিদ্যালয়টি দীর্ঘদিন যাবত রাষ্ট্রের পর্যাপ্ত সহযোগিতা থেকে বঞ্চিত।

স্মারকলিপিতে বলা হয়, পর্যাপ্ত আর্থিক বরাদ্দ ও সুযোগ-সুবিধার অভাবে বিশ্ববিদ্যালয়ে কাঙ্ক্ষিত মানের শিক্ষা ও গবেষণার পরিবেশ গড়ে তোলা সম্ভব হচ্ছে না। এর ফলে অনেক যোগ্য শিক্ষক ও মেধাবী শিক্ষার্থী বিদেশি বা বেসরকারি বিশ্ববিদ্যালয়ের প্রতি ঝুঁকছেন। এই বাস্তবতা শুধু বিশ্ববিদ্যালয়ের জন্য নয়, জাতির জন্যও দীর্ঘমেয়াদে ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে।

বিশ্বের বিভিন্ন দেশের দৃষ্টান্ত টেনে স্মারকলিপিতে বলা হয়, ‘যুক্তরাজ্যের অক্সফোর্ড ও কেমব্রিজ, জাপানের টোকিও বিশ্ববিদ্যালয়, দক্ষিণ কোরিয়ার সিউল ন্যাশনাল বিশ্ববিদ্যালয় এবং ভারতের আইআইটি-গুলোর মতো প্রতিষ্ঠানসমূহ রাষ্ট্রের বিশেষ পৃষ্ঠপোষকতা পেয়ে শিক্ষা ও গবেষণায় শ্রেষ্ঠত্ব অর্জন করেছে। বাংলাদেশেও সেই ধারা অনুসরণ করে ঢাকা বিশ্ববিদ্যালয়কে ‘বিশেষ মর্যাদা’ প্রদান এখন সময়ের দাবি।’

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন