ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) টিএসসিতে নারী শিক্ষার্থীদের জন্য নামাজের জায়গা উদ্বোধন করা হয়েছে। সোমবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান আনুষ্ঠানিকভাবে নামাজের জায়গার উদ্বোধন ঘোষণা করেন।
টিএসসিতে পুরুষের নামাজের জায়গার পশ্চিমে নারী শিক্ষার্থীদের নামাজের জন্য নির্দিষ্ট স্থান ঠিক করা হয়। নামাজের জায়গার কার্পেট পরিবর্তন এবং অজুখানারও সংস্কার হয়েছে। এর আগে টিএসসিতে নামাজের জায়গা দেয়ার দাবিতে দীর্ঘদিন ধরে বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা আন্দোলন করে আসছিলো। বিগত প্রশাসনের সময় শিক্ষার্থীদের নিজ উদ্যোগে নামাজের জায়গা বানালেও তা সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগ গুঁড়িয়ে দেয়। তৎকালীন বিশ্ববিদ্যালয় এবিষয়ে ছাত্রলীগের পক্ষে অবস্থান গ্রহণ করে। তবে শিক্ষার্থীদের দীর্ঘদিনের চাহিদাকে বাস্তবে রূপ দিয়েছে বর্তমান প্রশাসন।
আর এই উদ্যোগে আর্থিকভাবে সহায়তা করেছে গ্রিন ফিউচার ফাউন্ডেশন। প্রতিষ্ঠানটির সিইও খালিদ বলেন, এটি শিক্ষার্থীদের জন দাবি ছিল। আমাদের শিক্ষার্থীদের আবেদনের প্রেক্ষিতে এই মহতী কাজ শুরু করেছিলাম। আলহামদুলিল্লাহ রমজানের মধ্যেই আমরা সুন্দরভাবে শেষ করেছি।
এবিষয়ে বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী নাফিসা ইসলাম সাকাফি বলেন, ২০২২ সালের ২২ এপ্রিল যখন বিশ্ববিদ্যালয়ে আসি তখন রমজান প্রশাসনের বাধা উপেক্ষা করে টিএসসিতে নামাজের জায়গার ব্যবস্থা করি। কিন্তু ২৪ ঘণ্টাও সেটা রাখতে পারিনি। ছাত্রলীগ সেটা ভেঙে দেয়। এরপর দীর্ঘ লড়াইয়ের পর নতুন বাংলাদেশে আমরা আবার টিএসসিতে মেয়েদের নামাজের ব্যবস্থার জন্য প্রশাসনের সাথে যোগাযোগ করলে তারা গ্রিন ফিউচার ফাউন্ডেশনের সাথে সমন্বয় করে নামাজের জায়গা উদ্বোধন করেন। ভিসি স্যার এবং গ্রিন ফিউচার ফাউন্ডেশন বাংলাদেশ আমাদের কাছে চাবি হস্তান্তর করেন। উনাদের কাছে আমরা কৃতজ্ঞ।
এদিকে টিএসসিতে পুরুষদের নামাজের জায়গায় নতুন কার্পেট প্রদান করেছে বিএনপিপন্থি শিক্ষকদের সংগঠন সাদা দল। এবিষয়ে সাদা দলের অধ্যাপক ড. মো. মোর্শেদ হাসান খান বলেন, বিশ্ববিদ্যালয়ে উপকরণের অভাবে শিক্ষার্থীরা ইবাদাত করতে পারবে না এটা হতে পারে না। শিক্ষার্থীদের নামাজ পড়তে অসুবিধা হচ্ছে এটি জানতে পেরে আমরা তাৎক্ষণিক ব্যবস্থা নিয়েছি।
এসময় উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান বলেন, আজকের এই অনুষ্ঠান আমাদের জন্য এক মহৎ এবং অনন্য একটি মুহূর্ত। আমরা আজ এই নতুন নামাজের জায়গার উদ্বোধন করতে যাচ্ছি, যা আমাদের সকলের জন্য একটি নিরাপদ, শান্তিপূর্ণ এবং আত্মিক উন্নতির ক্ষেত্র হয়ে উঠবে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

