নষ্ট চাকা, অতিরিক্ত ভিড় : জবি ‘নোঙর’ বাসে ঝুঁকিপূর্ণ যাতায়াত

নষ্ট চাকা, অতিরিক্ত ভিড় : জবি ‘নোঙর’ বাসে ঝুঁকিপূর্ণ যাতায়াত

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) নরসিংদীগামী ‘নোঙর’ বাসের চাকা বারবার নষ্ট হয়ে যাচ্ছে। পাশাপাশি ধারণক্ষমতার অনেক বেশি শিক্ষার্থী প্রতিদিন এই বাসে যাতায়াত করছে, ফলে ছাত্রছাত্রীদের জীবন ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে বলে অভিযোগ করেছে তারা। একই সঙ্গে এই বিষয়ে প্রশাসনের নজরের অভাব রয়েছে বলেও ক্ষোভ প্রকাশ করেছেন তারা।

সোমবার সকালে নরসিংদী থেকে ক্যাম্পাসের উদ্দেশে রওনা হওয়ার সময় সরেজমিন দেখা যায়, বাসটির সামনের একটি চাকা মারাত্মক ক্ষতিগ্রস্ত। বাসের অন্যান্য চাকাও পূর্বে থেকেই নষ্ট; কোথাও রাবার উঠে গেছে, কোথাও ভেতরের তার বেরিয়ে এসেছে। তা সত্ত্বেও প্রতিদিন এ অবস্থায় ‘নোঙর’ বাসটি যাত্রী নিয়ে যাতায়াত করছে।

বিজ্ঞাপন

তথ্য অনুযায়ী, প্রতিদিন প্রায় ৫০-৬০ জন শিক্ষার্থী এই বাসে চলাচল করে। তবে বৃহস্পতিবার ও রবিবার যাত্রীসংখ্যা দাঁড়ায় ১২০ থেকে ১৬৫ জনে। দাঁড়িয়ে যাওয়ার জায়গা পর্যন্ত না থাকায় অনেক শিক্ষার্থী ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে যাতায়াত করতে বাধ্য হন। এতে যেমন বাস চালককে ঝুঁকি নিয়ে বাস চালাতে হয়, তেমনি শিক্ষার্থীরাও পড়েন মারাত্মক নিরাপত্তাহীনতায়।

দর্শন বিভাগের ১৮তম আবর্তনের শিক্ষার্থী তানজিল বলেন, “আমাদের নোঙর বাস সপ্তাহে ২-৩ বার চাকা নষ্ট হয়। প্রতি রবিবার বাস বসে যায়, ঠেলতে হয়। আমরা কি জগন্নাথে পড়তে আসছি না বাস ঠেলতে আসছি? প্রশাসনের কোনো নজরই নেই। বাসেই তো আমাদের জীবনের বড় সময় কেটে যায়।”

বাংলা বিভাগের ১৫তম ব্যাচের শিক্ষার্থী রেশমী বলেন, “দীর্ঘদিন ধরে বাসের চাকায় সমস্যা। প্রায়ই ক্লাস-পরীক্ষায় সময়মতো পৌঁছাতে পারি না। ৩-৪ ঘণ্টার দীর্ঘ পথ দাঁড়িয়ে আসা ভীষণ কষ্টদায়ক, বিশেষ করে মেয়েদের জন্য।”

১৪তম ব্যাচের আরেক শিক্ষার্থী রিয়াজ জানান, “বাসের চারটি চাকাই নষ্ট। আমি দায়িত্বে থাকাকালীন চারটি চাকার রিকুইজিশন দিয়েছিলাম। নতুন চাকা আসার কথা ছিল, কিন্তু এখনও ব্যবস্থা হয়নি।”

বাস চালক গিয়াসউদ্দিন বলেন, “বাসটির দুটি চাকা একেবারে ক্ষয়ে গেছে। এই অবস্থায় বাস চালানো বিপজ্জনক।”

বিশ্ববিদ্যালয়ের পরিবহন প্রশাসক তারেক বিন আতিক বলেন, “বাসের সবগুলো চাকা প্রায় ৫-৬ বছর আগে কেনা। এখন সবই নষ্ট। আমরা মেরামতের চেষ্টা করছি। নরসিংদী থেকে একটি বাসই আসে। গাড়ি পরিবর্তনের চিন্তা করছি, আরেকটি বাস দেওয়ার বিষয়েও ভাবছি।”

শিক্ষার্থীরা বলছেন, প্রশাসনের দায়িত্বশীল উদ্যোগ ছাড়া এই সমস্যার সমাধান সম্ভব নয়। নষ্ট চাকা ও অতিরিক্ত যাত্রী নিয়ে প্রতিদিন ঝুঁকি নিয়ে চলা এই বাসে যাতায়াত যেন আরেকটি দুর্ঘটনার অপেক্ষায় দিন গোনা। প্রশাসনের কার্যকর পদক্ষেপ এখন সময়ের দাবি।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন