তরুণদের যুক্তিনির্ভর ও তথ্যভিত্তিক চিন্তার বিকাশ ঘটাতে হবে: ডেপুটি স্পিকার

তরুণদের যুক্তিনির্ভর ও তথ্যভিত্তিক চিন্তার বিকাশ ঘটাতে হবে: ডেপুটি স্পিকার

তরুণদের যুক্তিনির্ভর ও তথ্যভিত্তিক চিন্তার বিকাশ ঘটানোর পাশাপাশি মুক্তবুদ্ধির চর্চায় উদ্বুদ্ধ করতে হবে বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। তিনি বলেন, গণতান্ত্রিক বাংলাদেশ গঠন ও অন্তর্ভুক্তিমূলক সমাজ বিনির্মাণে তরুণদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে।

সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবন মিলনায়তনে আয়োজিত ৫ম হাজী মুহম্মদ মুহসীন স্মারক জাতীয় আন্তঃক্লাব বিতর্ক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। হাজী মুহম্মদ মুহসীন হল ডিবেটিং ক্লাব এ প্রতিযোগিতার আয়োজন করে।

বিজ্ঞাপন

ডেপুটি স্পিকার বলেন, ‘তরুণরাই দেশের ভবিষ্যৎ। তাদের মধ্যে যুক্তিবোধ, সহনশীলতা ও দায়িত্বশীল নেতৃত্বের গুণ তৈরি করতে হবে। মুক্তবুদ্ধির চর্চার মাধ্যমে তরুণদের যুক্তিনির্ভর ও তথ্যভিত্তিক চিন্তার বিকাশ ঘটাতে হবে।’

তিনি বলেন, বিতর্ক মানুষকে যুক্তি দিয়ে কথা বলা এবং অন্যের মতামত শোনার অভ্যাস তৈরি করে। এই চর্চা শুধু শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে সীমাবদ্ধ না রেখে জাতীয় সংসদসহ রাষ্ট্রের বিভিন্ন পর্যায়ে ছড়িয়ে দেওয়া প্রয়োজন। এর মাধ্যমে মানুষের মধ্যে পারস্পরিক সহনশীলতা বাড়বে এবং গণতান্ত্রিক পরিবেশ আরও শক্তিশালী হবে।

ব্যারিস্টার কায়সার কামাল আরও বলেন, দেশের স্বার্থে দল-মত নির্বিশেষে সবার মধ্যে ঐক্য গড়ে তোলা প্রয়োজন। পারস্পরিক মতপার্থক্য থাকলেও যুক্তি ও আলোচনার মাধ্যমে তা মোকাবিলা করার মানসিকতা তৈরি করতে হবে। তরুণরা যদি যুক্তি, সহনশীলতা ও দায়িত্বশীলতার চর্চা করে, তাহলে ভবিষ্যতে তারা গণতান্ত্রিক ও যুক্তিনির্ভর বাংলাদেশ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে।

অনুষ্ঠানে প্রধান আলোচকের বক্তব্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম বলেন, পড়ালেখার পাশাপাশি শিক্ষার্থীদের বিভিন্ন সহশিক্ষামূলক কার্যক্রমে অংশ নিতে হবে। বিতর্ক শিক্ষার্থীদের চিন্তাশক্তি ও সৃজনশীলতা বাড়ানোর পাশাপাশি আত্মবিশ্বাস তৈরি করে।

তিনি বলেন, শুধু ভালো ফলাফল অর্জন করাই শিক্ষার্থীদের একমাত্র লক্ষ্য হওয়া উচিত নয়। পড়াশোনার পাশাপাশি বিতর্কসহ বিভিন্ন গঠনমূলক কর্মকাণ্ডে যুক্ত হলে শিক্ষার্থীদের জ্ঞান ও চিন্তার পরিধি বাড়বে। যুক্তির মাধ্যমে নিজের মত প্রকাশের পাশাপাশি ভিন্নমত গ্রহণের মানসিকতাও তৈরি করতে হবে।

উপাচার্য শিক্ষার্থীদের অন্যের মতামতের প্রতি সম্মান দেখানোর আহ্বান জানিয়ে বলেন, তাদের সৎ, দেশপ্রেমিক, দক্ষ, যোগ্য ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে উঠতে হবে। এ ধরনের সহশিক্ষামূলক কর্মকাণ্ড শিক্ষার্থীদের ব্যক্তিত্ব ও নেতৃত্বের গুণাবলি বিকাশে ভূমিকা রাখে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হাজী মুহম্মদ মুহসীন হল ডিবেটিং ক্লাবের সভাপতি মো. মুজাহিদুল ইসলাম। সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য দেন দ্য ডেইলি স্টারের সম্পাদক ও প্রকাশক মাহফুজ আনাম।

এছাড়া বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন হাজী মুহম্মদ মুহসীন হলের প্রাধ্যক্ষ শাহ শামীম আহমেদ, হাজী মুহম্মদ মুহসীন হল ডিবেটিং ক্লাবের মডারেটর মো. হারুন-অর-রশীদ, ঢাকা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটির সভাপতি মো. সাজিদ হাসান ও সাধারণ সম্পাদক মিফতাহুল জান্নাত রিফাত।

অনুষ্ঠানে ৫ম হাজী মুহম্মদ মুহসীন স্মারক জাতীয় আন্তঃক্লাব বিতর্ক প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। প্রতিযোগিতায় মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল ডিবেটিং ক্লাব চ্যাম্পিয়ন এবং অমর একুশে হল ডিবেটিং ক্লাব রানার্সআপ হয়েছে।

আয়োজকরা জানান, এবারের আন্তঃক্লাব বিতর্ক প্রতিযোগিতায় দেশের ২৪টি বিতর্ক দল অংশ নেয়। এতে মোট ৭২ জন বিতার্কিক প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন