বিয়ের প্রলোভনে ধর্ষণের অভিযোগ, চবি শিক্ষার্থী গ্রেপ্তার

বিয়ের প্রলোভনে ধর্ষণের অভিযোগ, চবি শিক্ষার্থী গ্রেপ্তার

বিয়ের প্রলোভন দেখিয়ে এক নারী শিক্ষার্থীকে একাধিকবার ধর্ষণের অভিযোগে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) এক শিক্ষার্থীকে গ্রেপ্তার করেছে হাটহাজারী মডেল থানা পুলিশ।

বিজ্ঞাপন

বুধবার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেন হাটহাজারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুর রহমান।

গ্রেপ্তার হওয়া শিক্ষার্থীর নাম মো. ইকরাম ওয়াহিদ তোহা। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ২০২০-২১ শিক্ষাবর্ষের ফার্মেসি বিভাগের শিক্ষার্থী। অভিযোগকারীও একই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বলে জানা গেছে।

পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, বিশ্ববিদ্যালয়ে ভর্তির পর তোহার সঙ্গে ওই শিক্ষার্থীর পরিচয় হয়। একপর্যায়ে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এজাহারে বলা হয়েছে, প্রায় পাঁচ বছর ধরে তাঁদের সম্পর্ক ছিল।

গত ১৩ আগস্ট ও ১৩ সেপ্টেম্বর বিয়ের প্রলোভন দেখিয়ে তোহা ভুক্তভোগীকে হাটহাজারীর ফতেপুর ইউনিয়নের ২ নম্বর গেটসংলগ্ন আনোয়ার ম্যানশনের ভাড়া বাসায় নিয়ে একাধিকবার ধর্ষণ করেন বলে অভিযোগ করা হয়েছে।

পরে বিয়ের জন্য চাপ দিলে তোহা নানা টালবাহানা শুরু করেন। একপর্যায়ে যোগাযোগ বন্ধ করে আত্মগোপনে চলে যান বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।

ঘটনার পাঁচ দিন আগে ভুক্তভোগী শিক্ষার্থী হাটহাজারী মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯(১) ধারায় মামলা করেন। ওই মামলার ভিত্তিতেই তোহাকে গ্রেপ্তার করা হয়েছে।

ওসি মো. জাহিদুর রহমান বলেন, ভুক্তভোগী শিক্ষার্থীর এজাহারের ভিত্তিতে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা নেওয়া হয়েছে। মামলার আসামিকে গ্রেপ্তার করা হয়েছে এবং বর্তমানে তিনি পুলিশ হেফাজতে রয়েছেন।

এমএমআর

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন