বাংলার মাটিতে আওয়ামী লীগের রাজনীতি করার কোনো অধিকার নেই বলে মন্তব্য করেছেন ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় সভাপতি বিন ইয়ামিন মোল্লা।
শনিবার বেলা তিনটায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে আওয়ামী লীগ নিষিদ্ধ ও গণহত্যার বিচারের দাবিতে বিক্ষোভ সমাবেশে বক্তব্য প্রদানকালে তিনি এই মন্তব্য করেন।
আওয়ামী লীগ ক্ষমতায় থাকা অবস্থায় যদি দুই হাজারেরও বেশি মানুষকে খুন করতে পারে তবে ক্ষমতায় ফেরার জন্য তারা দুই লক্ষেরও বেশি বিপ্লবীকে খুন করতে পারে বলে আশঙ্কা প্রকাশ করে ইয়ামিন মোল্লা বলেন, বিপ্লবী ছাত্রজনতা আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে প্রধান উপদেষ্টার বক্তব্যকে প্রত্যাখ্যান করেছে এবং নিন্দা জানাচ্ছে।
দুই হাজার শহীদের রক্তের উপরে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার দাঁড়িয়ে আছে জানিয়ে প্রধান উপদেষ্টা বরাবর প্রশ্ন ছুঁড়ে দেন- আওয়ামী লীগকে নিষিদ্ধ করার কোন পরিকল্পনা নাই আপনার। তাহলে কিসের পরিকল্পনা আছে আপনার?
একটা গোষ্ঠী সেনাবাহিনীর বিরুদ্ধে মানুষকে উস্কে দিচ্ছে উল্লেখ করে তিনি আরো বলেন, আমরা বাংলাদেশের মানুষকে সুস্পষ্টভাবে বলবো আপনাদেরকে যদি কেউ অন্ধকারে ঢিল মারতে বলে আপনারা ঢিল মারবেন না। কারণ অন্ধকারে ঢিল মেরে অনেকে তাদের রাজনৈতিক উদ্দেশ্য হাসিল করতে চাচ্ছে।
এসময় বাংলাদেশের ক্রান্তিলগ্নে যেভাবে সেনাবাহিনী দেশ ও জনগণের পক্ষে ছিলেন বর্তমান ও ভবিষ্যতেও সেনাবাহিনীকে পাশে থাকার আহ্বান জানিয়ে ইয়ামিন মোল্লা বলেন, গণহত্যাকারীদের পক্ষ আপনারা নিবেন না। রাজনীতি কারা করবে, নির্বাচন কারা করবে, নির্বাচন কবে হবে এগুলো ঠিক করার দায়িত্ব ক্যান্টনমেন্টের নয়।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

