শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) দুই ছাত্রদল নেতা বহিষ্কার প্রত্যাহারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুর ২টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন-১-এর সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এতে পলিটিক্যাল স্টাডিজ ও পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থীসহ ছাত্রদলের কয়েকজন নেতাকর্মী অংশ নেন।
মানববন্ধনে পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থী সাব্বির হোসেন বলেন, ১৮ জুলাই সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী খায়রুলের সঙ্গে ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত ঘটনাটি অন্যায় ছিল—এটি তারা অকপটে স্বীকার করছেন। তার বন্ধু নিজের ভুল স্বীকার করে ঘটনাটিকে অপরাধ হিসেবে মেনে নিয়ে বারবার ক্ষমা চেয়েছেন এবং অনুশোচনা প্রকাশ করেছেন। নিজের দায়-দায়িত্বও এড়িয়ে যাওয়ার চেষ্টা করেননি।
সাব্বির হোসেন প্রশাসনের প্রতি মানবিক দিক বিবেচনা করে তাকে আরেকটি সুযোগ দেওয়ার এবং শাস্তির বিষয়টি পুনর্বিবেচনার অনুরোধ জানান। একই সঙ্গে সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী খায়রুলসহ সংশ্লিষ্টদের তার ভবিষ্যৎ, ক্যারিয়ার ও পরিবারের কথা বিবেচনা করে বিষয়টি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখার আহ্বান জানান।
পলিটিক্যাল স্টাডিজ বিভাগের শিক্ষার্থী হৃদয় হাসান বলেন, গত ১৮ জুলাইয়ের ঘটনার পরিপ্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সিদ্ধান্ত নিয়ে তারা কোনো অভিযোগ জানাতে আসেননি। তাদের একমাত্র দাবি, মানবিক দৃষ্টিভঙ্গি থেকে বন্ধুদের বিষয়টি পুনর্বিবেচনা করা হোক।
তিনি বলেন, তাদের অভিজ্ঞতায় ১৮ জুলাইয়ের ঘটনাটি মুহূর্তের উত্তেজনা থেকে সৃষ্ট একটি হাতাহাতির ঘটনা। তবে এর পরিপ্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় যে শাস্তি দিয়েছে, তা কিছুটা শিথিল করে পুনর্বিবেচনার অনুরোধ জানাচ্ছেন তারা।
হৃদয় হাসান আরো বলেন, একজন শিক্ষার্থীর ক্যারিয়ার, পরিবারের ত্যাগ ও ভবিষ্যতের বিষয়টি বিবেচনা করে প্রশাসনের উচিত তাকে আরেকটি সুযোগ দেওয়া। কে বেশি বা কম দোষী কিংবা কে বেশি বা কম হাতাহাতি করেছে, সে বিষয়ে তারা কোনো মন্তব্য করতে চান না। তাদের দাবি, শিক্ষার্থীদের ভবিষ্যৎ ও ক্যারিয়ারের কথা বিবেচনা করে মানবিক দৃষ্টিকোণ থেকে শাস্তির বিষয়টি পুনর্বিবেচনা করা হোক।
২১ জুলাই বিশ্ববিদ্যালয়ের জরুরি সিন্ডিকেট সভায় শিক্ষার্থীকে মারধরের ঘটনায় শাবিপ্রবি শাখা ছাত্রদলের দুই নেতা তারেক রহমান ও হাসিবুর রহমানকে চার সেমিস্টারের জন্য বহিষ্কার এবং ক্যাম্পাসে প্রবেশ নিষিদ্ধ করা হয়। এছাড়া তারেক রহমানের শাহপরাণ হলের আবাসিক সিট বাতিল করা হয়। ভবিষ্যতে হলে সিটের জন্য আবেদনও আজীবনের জন্য নিষিদ্ধ করা হয়েছে।
জেডএম
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

