জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ক্যাম্পাস সংলগ্ন অবৈধ বাস-স্ট্যান্ড অপসারণের দাবিতে পদযাত্রা কর্মসূচি পালন করেছে জবি শিক্ষার্থীরা। রোববার (৭ সেপ্টেম্বর) দুপুর থেকে বিশ্ববিদ্যালয়ের শান্ত চত্বর থেকে শুরু হওয়া পদযাত্রা কাঁঠালতলা, বিজ্ঞান অনুষদ অতিক্রম করে রায়সাহেব বাজার পর্যন্ত অগ্রসর হয়।
এ সময় শিক্ষার্থীরা স্লোগান দেন—‘অবৈধ বাস-স্ট্যান্ড থাকবে না’, ‘ওয়ান টু থ্রি ফোর, বাস-স্ট্যান্ড নো মোর’, ‘ক্যাম্পাস আর বাস-স্ট্যান্ড একসাথে চলে না’—ইত্যাদি।
শিক্ষার্থীদের অভিযোগ, বাহাদুর শাহ পার্ক ও আশপাশে যত্রতত্র বাস পার্কিংয়ের কারণে দীর্ঘদিন ধরে তীব্র যানজট ও দুর্ঘটনার ঝুঁকি তৈরি হয়েছে। গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী আরাফাত তুশিন বলেন, ‘কয়েক দিন আগে আমাদের এক নারী সহপাঠী বাস চাপায় গুরুতর আহত হন। প্রতিদিন যানজটে পড়ে আমরা ক্লাসে দেরি করি। তাই অবৈধ বাস-স্ট্যান্ড অপসারণ ছাড়া কোনো বিকল্প নেই।’
পদযাত্রায় সংহতি জানিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক রইছ উদ্দিন বলেন, এ বিশ্ববিদ্যালয়ের সামনে কোনোভাবেই অবৈধ বাস-স্ট্যান্ড থাকতে পারে না। এটি শুধু যানজট নয়, চাঁদাবাজি আর মাদকের আখড়ায় পরিণত হয়েছে। প্রশাসনের সঙ্গে একাধিকবার আলোচনা হলেও কোনো সমাধান হয়নি। তাই এখন থেকে রায়সাহেব বাজার হয়ে কোনো বাস ক্যাম্পাস এলাকায় ঢুকতে পারবে না।
পরে পদযাত্রার মিছিল বাহাদুর শাহ পার্ক ঘুরে ক্যাম্পাসে ফিরে আসে।
প্রশাসনের সিদ্ধান্ত: সাতদিন বাস প্রবেশ নিষিদ্ধ
একইদিন দুপুরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. রেজাউল করিমের সভাপতিত্বে প্রশাসনিক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সিদ্ধান্ত হয়, আজ থেকে সাতদিন রায়সাহেব বাজার থেকে বাহাদুর শাহ পার্ক এলাকায় কোনো বাস প্রবেশ করতে পারবে না। ধোলাইখালের গোয়ালঘাট পয়েন্ট থেকে বাসগুলো ইউটার্ন নিয়ে নিজ নিজ রুটে ফিরে যাবে।
এ সময় স্থায়ী সমাধানের জন্য ট্র্যাফিক বিভাগ, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও বাস মালিক সমিতিকে যৌথভাবে একটি টেকসই নীতিমালা প্রণয়নের নির্দেশ দেওয়া হয়। সাতদিন পর পরিস্থিতি পর্যালোচনা করে নতুন বৈঠক আয়োজনের সিদ্ধান্তও গৃহীত হয়।
সভায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মোশাররাফ হোসেন, বিজনেস স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক ড. মঞ্জুর মুর্শেদ ভুঁইয়া, প্রক্টর অধ্যাপক ড. তাজাম্মুল হক, লালবাগ জোনের ডিসি ট্র্যাফিক মো. মফিজুল ইসলাম, এসি ট্র্যাফিক মাহতাব হোসেন, সড়ক পরিবহন সমিতির নেতা গোলাম জিলানী চৌধুরী টিপুসহ সংশ্লিষ্ট শিক্ষক ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

