গুচ্ছ ছেড়ে আবারও স্বতন্ত্রে শাবিপ্রবির ভর্তি পরীক্ষা কাল শুরু

গুচ্ছ ছেড়ে আবারও স্বতন্ত্রে শাবিপ্রবির ভর্তি পরীক্ষা কাল শুরু

গুচ্ছ পদ্ধতি থেকে বের হয়ে চার বছর পর স্বতন্ত্র পদ্ধতিতে ভর্তি পরীক্ষা নিচ্ছে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। স্নাতক প্রথম বর্ষ -২০২৪-২৫ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা আগামীকাল শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত হবে।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) সংবাদ সম্মেলনে শাবিপ্রবির ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ভর্তি কমিটির সদস্য সচিব অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।

শুক্রবার সকাল সাড়ে দশটায় বি ইউনিটের (বিজ্ঞান, মানবিক ও বাণিজ্য বিভাগ) ও একই দিন বেলা তিনটায় এ ইউনিটের (বিজ্ঞান বিভাগ) ভর্তি পরীক্ষা দেশের পাঁচটি কেন্দ্রে অনুষ্ঠিত হবে।

অধ্যাপক রফিকুল ইসলাম বলেন, ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য ৫ জানুয়ারি থেকে ৩১ জানুয়ারি পর্যন্ত ১ হাজার ৬৭১ আসনের বিপরীতে ৮৬ হাজার ৩৮০ জন শিক্ষার্থী আবেদন করেছেন। এতে প্রতি আসনের বিপরীতে ৫১ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেবেন।

এর মধ্যে এ-১ ইউনিটে (বিজ্ঞান শাখা) ৯৫৫ আসনের বিপরীতে আবেদন পড়েছে ৫৭ হাজার ২৭৩টি; এ-২ ইউনিটের (বিজ্ঞান ও আর্কিটেকচার) ৩০টি আসনের বিপরীতে আবেদন পড়েছে ১ হাজার ২৫০টি। অন্যদিকে বি ইউনিটে (বিজ্ঞান, মানবিক, বাণিজ্য) ৫৮১টি আসনের বিপরীতে আবেদন পড়েছে ২৯ হাজার ১০৭ জন্য শিক্ষার্থী। এ ছাড়া অতিরিক্ত ১০৫টি কোটা আসন রয়েছে। এর মধ্যে মুক্তিযোদ্ধা কোটা ২৮, ক্ষুদ্র নৃ-গোষ্ঠী/ জাতিসত্তা/ হরিজন-দলিত কোটা ২৮, প্রতিবন্ধী কোটা ১৪, পোষ্য কোটা ২০, চা-শ্রমিক কোটা ৫, বিকেএসপি (খেলোয়াড়) কোটা ১০টি আসন সংরক্ষিত রয়েছে।

তিনি আরও বলেন, এবারের ভর্তি পরীক্ষা শাবিপ্রবি কেন্দ্রের পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয়, রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়ে একযোগে অনুষ্ঠিত হবে। তিনি বলেন, ১০০ নম্বরের ভর্তি পরীক্ষার মধ্য ৮০ নম্বরের বহুনির্বাচনী পরীক্ষা। আর ২০ নম্বর এসএসসি ও এইচএসসির ফলাফল ভিত্তিতে নির্ধারিত হবে। বহুনির্বাচনি পরীক্ষায় চারটি অপশন থাকবে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন