দুর্ঘটনার কবলে ঢাবি শিক্ষার্থীদের ট্যুর বাস; আহত ২১

ঢাবি সংবাদদাতা

দুর্ঘটনার কবলে ঢাবি শিক্ষার্থীদের ট্যুর বাস; আহত ২১

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) আইন বিভাগের শিক্ষার্থীদের বহনকারী 'গ্রিন সেন্টমার্টিন' পরিবহণের একটি ট্যুর বাস দুর্ঘটনার কবলে পড়ে অন্তত ২১ জন শিক্ষার্থী আহত হয়েছেন। এর মধ্যে গুরুতরো আহত হয়েছেন ৯ জন শিক্ষার্থী। ব্যাচের বার্ষিক শিক্ষা সফরে সেন্টমার্টিন ভ্রমণ থেকে ফেরার পথে এই দুর্ঘটনার কবলে পড়েন তারা।

শুক্রবার সকাল সোয়া আটটার দিকে বিশ্ববিদ্যালয়ের ২৯ জন শিক্ষার্থী নিয়ে সেন্ট মার্টিন থেকে ফেরার পথে চট্টগ্রামের জোড়ারগঞ্জ থানার ধুমঘাট বাজার এলাকায় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে যায়। এসময় একজনের মাথা ফেটে যায় এবং আরো ৮ জন শিক্ষার্থী গুরুতরো আঘাতপ্রাপ্ত হন।

বিজ্ঞাপন

পরে দুর্ঘটনাস্থলে জোড়ারগঞ্জ থানার পুলিশ সদস্যরা আহত শিক্ষার্থীদের উদ্ধার করে বেসরকারি একটি হাসপাতালে প্রাথমিক চিকিৎসার জন্য পাঠায়। পরে প্রাথমিক চিকিৎসা শেষে শুক্রবার রাতে ক্যাম্পাসে ফিরে আসেন শিক্ষার্থীরা। এঘটনায় গ্রিন সেইনমার্টিন পরিবহণের একটি বাস ক্যাম্পাসে আটকে রাখেন তারা।

শিক্ষার্থীদের অভিযোগ, অতিরিক্ত গতি ও ড্রাইভারের বেপরোয়া আচরণে এই দুর্ঘটনা ঘটেছে। এতে বেঁচে ফিরলেও প্রাণনাশের আশঙ্কা করেছেন অনেকে। এই দুর্ঘটনায় অনেকে এখনও শারীরিক ও মানসিকভাবে বিপর্যস্ত।

এবিষয়ে দুর্ঘটনা কবলিত বাসটিতে থাকা আইন বিভাগের ৪৭ ব্যাচের শিক্ষার্থী আবির নুরুজ্জামান শিকদার বলেন, বাসের ড্রাইভার সম্পূর্ণ বেপরোয়াভাবে বাস চালাচ্ছিলেন। দুর্ঘটনার কিছু সময় আগে এক শিক্ষার্থী ড্রাইভারকে সাবধান করে দিলেও ড্রাইভার তা শুনেনি। তিনি আরো বলেস, এসময় বাসের গতি ১২০-এর কাছাকাছি ছিলো নাহলে কখনোই ওমন শক্ত রোড ডিভাইডার ভেঙ্গে গিয়ে গাড়ি খাদে পড়তো না।

এবিষয়ে বিভাগটির চেয়ারম্যান মো. খুরশীদ আলম বলেন, বিষয়টিকে আমরা নজরদারিতে রেখেছি। শিক্ষার্থীদের আহত ও ক্ষয়ক্ষতির পুরোপুরি তথ্য আমাদের হাতে এখনো আসেনি। রবিবার সেই তথ্য পাওয়া যাবে বলেও মন্তব্য করেন তিনি।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দিন আহমেদ বলেন, আইন বিভাগের একটি ব্যাচ ট্যুরে বাস দুর্ঘটনায় অনেক শিক্ষার্থীই আহত হয়েছে। আমি দুর্ঘটনাস্থলের সংশ্লিষ্ট স্থানীয় প্রশাসন ও ডাক্তারদের সাথে বলেছিলাম। বর্তমানে বিষয়টি নিয়ে আইন বিভাগ কাজ করছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন