গণজাগরণ মঞ্চের সংগঠক লাকি আক্তার ও তার সহকর্মীদের গ্রেপ্তারের দাবিতে গভীর রাতে মিছিল করেছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সাধারণ শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার রাত ২টায় ক্যাম্পাসের জিয়া মোড় থেকে একটি মিছিল বের করেন শিক্ষার্থীরা। ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে অবস্থান নেন এবং সেখানে সংক্ষিপ্ত সমাবেশ করেন।
মিছিল চলাকালে শিক্ষার্থীরা "ওয়ান টু থ্রি ফোর, শাহবাগ নো মোর" ; "ল তে লাকি,শ তে শাহবাগি, তুই হাসিনা তুই হাসিনা" ; "শাহবাগিরা মিছিল করে, ইন্টারিম কী করে" ; "লাকি ধর বস্তায় ভর, নয়াদিল্লি পাচার কর" ইত্যাদি স্লোগান দিতে থাকেন।
সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা সরকারের কাছে প্রশ্ন রাখেন, লাকির মতো ফ্যাসিবাদী হাসিনার দোসর কীভাবে এখনো মুক্ত বাতাসে ঘোরাফেরা করছে?
শিক্ষার্থীরা বলেন, ২০১৩ সালে এই লাকি ও তার দোসররা বিচারহীনতার সংস্কৃতি কায়েম করে খুনি হাসিনাকে শক্তিশালী করেছিল। আজ যারা পুলিশের উপর হামলা করেছে তাদেরসহ লাকি আক্তারকে আগামী ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার করতে হবে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

