চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ও অবসরপ্রাপ্ত অধ্যাপক মো. আনোয়ারুল আজিম আরিফ ইন্তেকাল করেছেন। তিনি প্রিমিয়ার বিশ্ববিদ্যালয় এবং আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের উপাচার্য হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
বৃহস্পতিবার ভোর ৪টায় চট্টগ্রাম নগরীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স ছিল ৭৫ বছর।
অধ্যাপক আনোয়ারুল আজিম আরিফ ১৯৭৬ সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে প্রভাষক হিসেবে যোগ দেন। পরবর্তীতে ২০০১ সালে একই বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য এবং ২০১১ থেকে ২০১৫ সাল পর্যন্ত উপাচার্যের দায়িত্ব পালন করেন।
এরপর প্রিমিয়ার বিশ্ববিদ্যালয় ও আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করেন। ২০২১ সালে তিনি ইসলামিক ব্যাংকস কনসালটেটিভ ফোরামের (আইবিসিএফ) নির্বাহী কমিটির চেয়ারম্যান নির্বাচিত হন।
এদিকে চবির সাবেক এই উপাচার্যের মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আল-ফোরকান, উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক ড. মোহাম্মদ শামীম উদ্দিন খান ও উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. কামাল উদ্দিন।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

