চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ১২টি ছাত্র ও ছাত্রী হলে প্রাথমিক চিকিৎসা উপকরণ বিতরণ করেছে কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু)। সোমবার দুপুরে চাকসু ভবনের দ্বিতীয় তলায় চাকসু সভাপতি ও উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আল-ফোরকান এসব উপকরণ হল সংসদের নেতাদের হাতে হস্তান্তর করেন।
এ সময় চাকসু ভিপি ইব্রাহিম হোসেন রনি, স্বাস্থ্য সম্পাদক আফনান হাসান, ছাত্রী কল্যাণ সম্পাদক নাহিমা আক্তার দ্বীপাসহ অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।
বিশ্ববিদ্যালয়ের ১২টি ছাত্র ও ছাত্রী হলে মেডিসিন কর্নার কাঠামো, ফার্স্ট এইড বক্স, নেবুলাইজার, ওয়েট মেশিন, ব্লাড সুগার মেজারিং মেশিন, থার্মোমিটার, বিপি মিটার, ক্লিনিক্যাল ইনস্ট্রুমেন্ট সেট, ফোল্ডিং স্ট্রেচার ও পালস অক্সি মিটার বিতরণ করা হয়। এ ছাড়া বিজয় ২৪ ও প্রীতিলতা হলে জরুরি মেডিসিন কর্নার স্থাপন করা হয়েছে।
চাকসু জিএস সাঈদ বিন হাবিব বলেন, আমাদের নির্বাচনের অন্যতম ইশতেহার ছিল বিশ্ববিদ্যালয়ের স্বাস্থ্যসেবা উন্নত করা। সেই লক্ষ্যে চাকসুর উদ্যোগে ১০টি হলে আমরা বিভিন্ন চিকিৎসা সরঞ্জাম বিতরণ করা হয়েছে। এখন আর শিক্ষার্থীদের ছোট প্রয়োজনে মেডিকেল সেন্টারে যাওয়ার প্রয়োজন পড়বে না।
স্বাস্থ্য সম্পাদক আফনান হাসান বলেন, শিক্ষার্থীরা দুর্ঘটনা বা হটাৎ অসুস্থ হলে যাতে হলে বসেই প্রাথমিক চিকিৎসা গ্রহণ করতে পারে, সেই দিক বিবেচনা করে আমরা হলগুলোতে প্রাথমিক চিকিৎসা উপকরণ বিতরণ করেছি।
ছাত্রী কল্যাণ সম্পাদক নাহিমা আক্তার দ্বীপা বলেন, ছাত্রী হল থেকে চবি মেডিকেল অনেক দূরে অবস্থিত। ফলে শিক্ষার্থীরা হঠাৎ অসুস্থ হলে মেডিকেলে যাওয়া সম্ভব হয় না। তাছাড়া পর্যাপ্ত অ্যাম্বুলেন্স না থাকায় শিক্ষার্থীরা বাড়তি বিড়ম্বনায় পড়েন। এসব সমস্যা দূর করতে হলগুলোতে আমরা চিকিৎসা সরঞ্জাম বিতরণ করেছি।
জেডএম
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

