ফিলিস্তিনের প্রতি সংহতি জানিয়ে ঢাবিতে ‘কেফিয়াহ মার্চ’

ফিলিস্তিনের প্রতি সংহতি জানিয়ে ঢাবিতে ‘কেফিয়াহ মার্চ’

ফিলিস্তিনের নির্যাতিত মানুষের প্রতি সংহতি প্রকাশ এবং ইসরাইলি আগ্রাসন বন্ধের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ‘কেফিয়াহ মার্চ’ কর্মসূচি পালন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা। বিশ্ব ফিলিস্তিন সংহতি দিবস উপলক্ষে রোববার বিকেলে এ কর্মসূচি পালিত হয়।

দুপুর আড়াইটার দিকে বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) এলাকা থেকে কেফিয়াহ মার্চটি শুরু হয়। মিছিলটি ভিসি চত্বর হয়ে নীলক্ষেত তোরণ প্রদক্ষিণ করে। পরে পুনরায় ভিসি চত্বর, রেজিস্ট্রার ভবনের সামনে ও হলপাড়া ঘুরে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সামনে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

বিজ্ঞাপন

সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে ছাত্রশিবিরের ঢাবি শাখার সাবেক সভাপতি ও ডাকসুর ভিপি আবু সাদিক কায়েম বলেন, ইসরাইল ও ভারত—এই দুই দেশেই মুসলমানদের ওপর অমানবিক নির্যাতন চালানো হচ্ছে এবং এ ধরনের নির্যাতন অবিলম্বে বন্ধ করতে হবে। একই সঙ্গে তিনি ঢাকাকে বিশ্বের নিপীড়িত মানুষের জন্য একটি ‘সলিডারিটি হাব’ হিসেবে গড়ে তোলার আকাঙ্ক্ষা ব্যক্ত করেন।

বিশেষ অতিথির বক্তব্যে সংগঠনটির কেন্দ্রীয় আন্তর্জাতিক সম্পাদক ও ডাকসুর ছাত্র পরিবহন সম্পাদক আসিফ আবদুল্লাহ বলেন, ফিলিস্তিনের মানুষেরও মানবাধিকার রয়েছে এবং সেই অধিকার আদায়ের সংগ্রামে প্রয়োজনে তাঁরা জীবন দিতেও প্রস্তুত।

আরেক বিশেষ অতিথি ও ঢাবি শাখার সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ হোসাইন খান বলেন, ফিলিস্তিনের মুক্তি আন্দোলন কেবল মুসলমানদের নয়, বরং এটি গোটা বিশ্বের মানবতার আন্দোলন। এ সময় তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পক্ষ থেকে ফিলিস্তিনের নাগরিকদের প্রতি সংহতি জানান।

সভাপতির বক্তব্যে ঢাবি শাখা ছাত্রশিবিরের সভাপতি মুহা. মহিউদ্দিন খান ফিলিস্তিনের জনগণের ওপর চলমান নির্যাতনের তীব্র নিন্দা জানান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শাখা সেক্রেটারি কাজী আশিক।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন