জবিতে মিলছে না শীতকালীন ছুটি

জবিতে মিলছে না শীতকালীন ছুটি

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) যখন শীতকালীন অবকাশসহ বিভিন্ন দিবস উপলক্ষে টানা ১৮ দিনের ছুটিতে যাচ্ছে, তখন শীতকালীন ছুটি পাচ্ছেন না জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষক-শিক্ষার্থীরা। ২০২৬-২৭ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) ও বিবিএ প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার কারণ দেখিয়ে বিশ্ববিদ্যালয়টির চলতি শিক্ষাবর্ষের শীতকালীন ছুটি বাতিল করা হয়েছে। তবে বাতিল হওয়া ছুটি পরবর্তী পবিত্র রমজান মাসের ছুটির সঙ্গে সমন্বয় করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বিজ্ঞাপন

আজ রোববার শীতকালীন ছুটির দাবিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কাছে জকসুর নেতারা স্মারকলিপি দিবেন।

গত ১২ নভেম্বর বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. শেখ গিয়াস উদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২৬-২৭ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) ও বিবিএ প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কারণে চলতি শিক্ষাবর্ষের শীতকালীন ছুটি বাতিল করা হয়েছে। এর পরিবর্তে বাতিল হওয়া ছুটি পরবর্তী পবিত্র রমজান মাসের ছুটির সঙ্গে সমন্বয় করে দেওয়া হবে। রমজান মাসে ছুটি প্রদানের সময়সূচি ছুটির তালিকা প্রণয়নসংক্রান্ত কমিটি নির্ধারণ করবে।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, গত ৭ অক্টোবর অনুষ্ঠিত একাডেমিক কাউন্সিলের ১৩৩তম সভায় শীতকালীন ছুটি বাতিলের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়। পরে ১৫ অক্টোবর অনুষ্ঠিত সিন্ডিকেটের ১৩তম সভায় সিদ্ধান্তটি অনুমোদন করা হয়।

অন্যদিকে, শীতকালীন অবকাশ, শহীদ বুদ্ধিজীবী দিবস, মহান বিজয় দিবস ও যিশুখ্রিষ্টের জন্মদিবস উপলক্ষে আগামী ১০ ডিসেম্বর থেকে ২৭ ডিসেম্বর পর্যন্ত টানা ১৮ দিনের ছুটিতে যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়। ফলে একই সময়ে ঢাবির শিক্ষক-শিক্ষার্থীরা দীর্ঘ ছুটি পেলেও ভর্তি পরীক্ষা আয়োজনের কারণে জবিতে এবার শীতকালীন অবকাশ থাকছে না।

এ বিষয়ে আইন বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী জাহাঙ্গীর আলম বলেন, ‘জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য শীতকালীন ছুটি কেবল অবকাশ নয়, বরং পরিবারের কাছে ফেরার অন্যতম সুযোগ। পুরান ঢাকায় আমাদের কোনো আবাসিক হল নেই। অধিকাংশ শিক্ষার্থীকে মেসে থেকে পড়াশোনা করতে হয়, আবার অনেকেই টিউশনি করে নিজেদের খরচ চালায়। ডিসেম্বর মাসে সাধারণত টিউশনিও বন্ধ থাকে। ফলে বছরের এই সময়টাতেই শিক্ষার্থীরা কিছুটা নিশ্চিন্তে বাড়ি ফেরার সুযোগ পায়। কিন্তু শীতকালীন ছুটি বাতিল হওয়ায় সেই সুযোগ থেকে অনেক শিক্ষার্থী বঞ্চিত হবে। ভর্তি পরীক্ষা বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ কার্যক্রম, তবে এর সঙ্গে শিক্ষার্থীদের আবাসনসংকট, আর্থিক বাস্তবতা ও পারিবারিক জীবনের বিষয়গুলোও বিবেচনায় নেওয়া প্রয়োজন। শিক্ষার্থীদের স্বার্থ বিবেচনা না করে ছুটি বাতিলের সিদ্ধান্ত নেওয়া কতটা যৌক্তিক, তা প্রশাসনের ভেবে দেখা উচিত।’

সমাজকর্ম বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী সামিয়া আক্তার বলেন, ‘শীতকালীন ছুটি শিক্ষার্থীদের কাছে শুধু কয়েক দিনের অবকাশ নয়, বরং বছরের শেষে পরিবারের কাছে ফিরে যাওয়ার এক বিশেষ সুযোগ। শীতের সময়ে গ্রামে পিঠা-পুলির উৎসব, মা-বাবার সঙ্গে সময় কাটানো, আত্মীয়স্বজন ও গ্রামের মানুষের সঙ্গে দেখা হওয়া—সবকিছুর মধ্যে আলাদা এক আবেগ জড়িয়ে থাকে। সারা বছর পড়াশোনা ও নানা ব্যস্ততায় পরিবারের কাছ থেকে দূরে থাকতে হয়। শীতকালীন ছুটিটাই সেই দূরত্ব কিছুটা ঘোচানোর সুযোগ করে দেয়। কিন্তু ছুটি বাতিল হওয়ায় অনেক শিক্ষার্থীকে সেই আনন্দ ও পারিবারিক সময় থেকে বঞ্চিত হতে হবে। ভর্তি পরীক্ষার গুরুত্ব অবশ্যই রয়েছে, তবে শিক্ষার্থীদের আবেগ, পারিবারিক বন্ধন ও মানসিক স্বস্তির বিষয়টিও প্রশাসনের বিবেচনায় রাখা উচিত।’

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন