রাজধানীর আরামবাগ হাই স্কুল অ্যান্ড কলেজের উদ্যোগে এসএসসি পরীক্ষা-২০২৬-এ উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও ক্রেস্ট প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (২৯ আগস্ট) সকাল ১১টায় আরামবাগ হাই স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে বর্ণাঢ্য আয়োজনে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আরামবাগ হাই স্কুল অ্যান্ড কলেজের গভর্নিং বডির সভাপতি নাফিসা ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অত্র স্কুল অ্যান্ড কলেজের প্রিন্সিপাল খান মো. কামরুজ্জামান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টি অ্যান্ড টি হাই স্কুলের প্রধান শিক্ষক মো. সালাউদ্দিন, বাংলাদেশ ব্যাংক উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক ও কো-অর্ডিনেটর সৈয়দ নয়ন উদ্দিন, আরামবাগ হাই স্কুল অ্যান্ড কলেজ এক্স স্টুডেন্ট ফোরামের আহ্বায়ক হাবিবুল্লাহ মাহবুব এবং সদস্য সচিব হোসাইন এম. আশার।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন আরামবাগ হাই স্কুল অ্যান্ড কলেজের সহকারী প্রধান শিক্ষক বিথীকা দাস, সহকারী অধ্যাপক মো. কামরুজ্জামান ভূঁইয়া, সহকারী অধ্যাপক মিজানুর রহমান, সহকারী অধ্যাপক ছন্দা আক্তার, প্রভাষক মো. শফিকুল ইসলাম এবং বেগম রহিমা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মো. সায়মুল ইসলাম।
বক্তারা বলেন, শিক্ষার্থীদের ভালো ফলাফল একটি শিক্ষা প্রতিষ্ঠানের জন্য যেমন গৌরবের, তেমনি পরিবার ও সমাজের জন্যও আনন্দের। কৃতিত্ব অর্জনকারী শিক্ষার্থীদের এই সংবর্ধনা তাদের ভবিষ্যৎ শিক্ষাজীবনে আরও ভালো করার অনুপ্রেরণা জোগাবে। তারা শিক্ষার্থীদের জ্ঞান, নৈতিকতা ও মানবিক মূল্যবোধে সমৃদ্ধ হয়ে দেশ ও জাতির কল্যাণে ভূমিকা রাখার আহ্বান জানান।
অনুষ্ঠানে এসএসসি পরীক্ষা-২০২৬-এ উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ছিল আরামবাগ হাই স্কুল অ্যান্ড কলেজ এক্স স্টুডেন্ট ফোরাম।
সাবেক শিক্ষার্থীদের এমন উদ্যোগকে স্বাগত জানিয়ে বক্তারা বলেন, প্রাক্তন শিক্ষার্থীদের সঙ্গে শিক্ষা প্রতিষ্ঠানের সম্পর্ক আরও সুদৃঢ় হলে শিক্ষার্থীদের শিক্ষা ও ভবিষ্যৎ গঠনে ইতিবাচক ভূমিকা রাখা সম্ভব।
অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, সাবেক শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

