স্বৈরাচারের দোসরদের বিচারের দাবিতে ছাত্রদলের বিক্ষোভ

স্বৈরাচারের দোসরদের বিচারের দাবিতে ছাত্রদলের বিক্ষোভ

ফ্যাসিস্ট আওয়ামী শাসনামলে এবং জুলাই গণ-অভ্যুত্থানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) আবাসিক হল ও ক্যাম্পাসে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের শিক্ষার্থী নির্যাতনের ঘটনায় জড়িত ও তাদের সহযোগী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীদের বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঢাবি শাখা।

বিজ্ঞাপন

বুধবার দুপুরে রাজু ভাস্কর্য থেকে শুরু হয়ে বিক্ষোভ মিছিলটি ভিসি চত্বরে দিয়ে প্রশাসনিক ভবনে পৌঁছে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

এসময় একই দাবিতে সংগঠনটির নেতৃবৃন্দ উপাচার্য অধ্যাপক ড নিয়াজ আহমদ খান বরাবর একটি স্মারকলিপি প্রদান করেন।

সংক্ষিপ্ত সমাবেশে ঢাবি ছাত্রদল সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস বলেন, যে শিক্ষকগণ একটি শিক্ষিত জাতি গঠনের লক্ষে কাজ না করে ফ্যাসিস্ট হাসিনা ওয়াজেদের হাতকে শক্তিশালী করেছিল তারা এখনে বুক চেতিয়ে ক্যাম্পাসের আনাচে কানাচে হেঁটে বেড়ায়। অথচ আমরা দেখেছিলাম শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে নিয়ে কলাম লেখার কারণে ড. মোর্শেদ হাসান খানকে তার চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছিল। এসকল আওয়ামী দোসর শিক্ষকরা এখনো তাদের স্ব পদে বহাল রয়েছে।

তিনি আরো বলেন, ছাত্রদল ইতোমধ্যে কয়েকবার সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগ ও এদের দোসরদের বিচারের দাবিতে উপাচার্য বরাবর স্মারকলিপি দিয়েছে। ছাত্রদল শুধু স্মারকলিপি দিয়ে থেমে থাকবে না।

অভিযুক্ত শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীদের দ্রুত বিচার নিশ্চিতের দাবি জানিয়ে সাহস আরো বলেন, যে সকল শিক্ষক, কর্মকর্তা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সম্মানকে কলুষিত করেছে তাদেরকে আইনের আওতায় নিয়ে এসে দ্রুত শাস্তির ব্যবস্থা করুন। নাহলে আমাদের কর্মসূচি আগামীতে আর সহিষ্ণু কর্মসূচি থাকবে না।

বক্তব্য প্রদানকালে ঢাবি ছাত্রদলের সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন বলেন, ৫ আগস্টের পরে শিক্ষার্থীদের ওপর হামলাকারী শিক্ষার্থী, শিক্ষক নামধারী কিছু 'কুলাঙ্গার' ও কর্মকর্তা-কর্মচারীরা স্বপদে বহাল রয়েছে। শহীদের রক্তের ওপরে দাঁড় করানো চেয়ারে বর্তমান বিশ্ববিদ্যালয় প্রশাসনকে খুনীদের দোসরদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বারবার বলার পরেও আমাদের দাবির প্রতি কর্ণপাত করছেন না। ফ্যাসিবাদের দোসরদের পনুর্বাসন প্রক্রিয়ায় বর্তমান প্রশাসন জড়িত আছে বলে আমাদের কাছে মনে হচ্ছে। আমরা চাই, বর্তমান প্রশাসন ছাত্র-জনতার রক্তের সাথে বেইমানী করবে না।

এসময় ঢাবি ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক নূর আলম ভুঁইয়া ইমন বলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ছাত্রলীগের দ্বারা নির্যাতিত হয়ে ঢাবি প্রশাসনের কাছে বিচারের জন্য গেলে তাদের নামে মামলা দিয়ে পুলিশের হাতে তুলে দেওয়া হতো। আজ সে সকল কর্মকর্তারা পুনর্বাসিত হচ্ছে। বর্তমান বিশ্ববিদ্যালয় প্রশাসন এদের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে দালালি করলে ছাত্রদল বসে থাকবে না। সাধারণ শিক্ষার্থীদের সাথে নিয়ে স্বৈরাচারের দোসরদের প্রতিহত করবে।

বিক্ষোভ কর্মসূচিতে আরও বক্তব্য রাখেন শাখা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি মাসুম বিল্লাহ, আনিসুর রহমান খন্দকার অনিক, যুগ্ম সাধারণ সম্পাদক নাছির উদ্দিন শাওন প্রমুখ।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন