শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) এক ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও নিষিদ্ধ ছাত্রলীগের দুই ক্যাডারকে হেফাজতে নেওয়া হয়েছে। আটক দুই শিক্ষার্থী হলেন— সমাজবিজ্ঞান বিভাগের শান্ত তারা আদনান ও স্বাগত দাশ পার্থ।
বিশ্ববিদ্যালয় প্রশাসন, পুলিশ ও শিক্ষার্থী সূত্রে জানা গেছে, গত মাসে সুরমা আবাসিক এলাকার একটি মেসে ওই ছাত্রীকে ডেকে নিয়ে অজ্ঞান করে শ্লীলতাহানির ঘটনা ঘটায় অভিযুক্তরা। পরে তারা ভুক্তভোগীর অজান্তে ভিডিও ধারণ করে এবং তা প্রকাশের হুমকি দিয়ে বিষয়টি গোপন রাখতে বাধ্য করে।
দীর্ঘ এক মাস পর, বৃহস্পতিবার (১৯ জুন) ভুক্তভোগী ছাত্রী বিশ্ববিদ্যালয়ের প্রক্টর বরাবর লিখিত অভিযোগ দেন। অভিযোগের ভিত্তিতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সহায়তায় পুলিশ অভিযুক্তদের ডিজিটাল ট্র্যাকিংয়ের মাধ্যমে সনাক্ত করে আটক করে।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. ইসমাইল হোসেন (ভারপ্রাপ্ত উপাচার্য) বলেন, আমরা বিষয়টি অবগত হয়ে অতিসত্বর বিশ্ববিদ্যালয়ের প্রশাসন, সিলেট জালালাবাদ থানার অফিসার ইনচার্জ, কোতোয়ালি থানার ইনচার্জ মিলে মিটিং করে প্রাথমিক তদন্তে অভিযোগের সত্যতা পেয়েছি। এর পরিপ্রেক্ষিতে অভিযুক্তদের পুলিশ হেফাজতে সোপর্দ করা হয়েছে। প্রশাসনিকভাবে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে এবং সুষ্ঠু ও ন্যায়সঙ্গত বিচারের জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসন সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।
বিষয়টি নিশ্চিত করে কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ জিয়াউল হোক বলেন, আমরা অভিযুক্তদের জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে রেখেছি। ভুক্তভোগী কিংবা বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে এখনো কোনো মামলা দায়ের করা হয়নি।
এ ব্যাপারে ভুক্তভোগী ও অভিযুক্তদের কোনো বক্তব্য পাওয়া যায়নি।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

