কুমিল্লায় যৌথ বাহিনীর অভিযানে আটককৃত যুবদল নেতা তৌহিদুল ইসলামের মৃত্যুর ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবি জানিয়ে মশাল মিছিল করেছে বাংলাদেশ ছাত্র ফেডারেশন।
শনিবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য থেকে মিছিল বের হয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে টিএসসি সড়কদ্বীপে শেষ হয়।
এর আগে এসময় সংগঠনটির প্রচার সম্পাদক মহব্বত হোসেন মিলনের সঞ্চালনায় একটি সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য দেন সংগঠনটির সাধারণ সম্পাদক সৈকত আরিফ।
বক্তব্য প্রদানকালে সৈকত আরিফ বলেন, গুম-খুন-বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের মাধ্যমে হাসিনা তার ফ্যাসিস্ট শাসন জনগণের ওপর চাপিয়ে দিয়েছেন। বাংলাদেশের মানুষ সেই ফ্যাসিস্ট শাসনের বিরুদ্ধে দীর্ঘ লড়াই করেছেন যার ধারাবাহিকতায় জুলাইয়ে অভ্যুত্থানের মধ্যে হাজারো প্রাণের বিনিময়ে হাসিনার পতন হয়েছে।
কিন্ত বর্তমান সরকারের আমলেও সেই স্বাধীনতা পাচ্ছে না উল্লেখ করে তিনি আরো বলেন, বিভিন্নভাবে বিরোধী মতের মানুষের ওপর মব তৈরি করা হচ্ছে। মবের মাধ্যমে কয়েকজনকে হত্যা করা হয়েছে সেসকল ঘটনার বিচার আমরা দেখিনি। মবের মাধ্যমে নারীদের ফুটবল খেলার আয়োজন ও মাজারে হামলা চালানো হচ্ছে।এ সকল ক্ষেত্রে সরকার যথাযথ অবস্থান না নিয়ে মবকে উসকে দিচ্ছে।
বিচার দাবি করে সৈকত আরিফ বলেন, যৌথবাহিনীর অভিযানে আটক যুবদল নেতা তৌহিদুল ইসলামের মৃত্যুর ঘটনায় অবিলম্বে সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবি জানাই। একইসাথে বিগত ফ্যাসিস্ট আমলে বিচার বহির্ভূত সকল হত্যাকাণ্ড ও জুলাই অভ্যুত্থানে গণহত্যার তদন্ত ও বিচারে কার্যকর উদ্যোগ নেবার দাবি জানাচ্ছি।
মশাল মিছিলে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্র ফেডারেশনের সহ-সাধারণ সম্পাদক ফাতেমা রহমান বিথী, সাংগঠনিক সম্পাদক শুভ দেব, স্কুল বিষয়ক সম্পাদক মেহেদী হাসান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আহ্বায়ক আরমানুল হক, ঢাকা নগরের সভাপতি আল-আমিন রহমানসহ নেতৃবৃন্দ।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

