কুবি ক্যাম্পাসে সাংবাদিকদের ওপর হামলায় জড়িতদের শাস্তির দাবি

কুবি ক্যাম্পাসে সাংবাদিকদের ওপর হামলায় জড়িতদের শাস্তির দাবি

কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) ক্যাম্পাসে সাংবাদিকদের ওপর ছাত্রদল নেতা-কর্মীদের হামলার ঘটনায় নিন্দা জানিয়েছেন বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সংবাদকর্মীরা। তারা এই ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে প্রশাসনিকভাবে শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়েছেন। এ দাবিতে বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের প্রক্টর বরাবর একটি লিখিত স্মারকলিপি জমা দেন তারা।

বিজ্ঞাপন

স্মারকলিপি সূত্রে জানা যায়, কুমিল্লা বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষে আয়োজিত কনসার্ট চলাকালে দুই বিভাগের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের খবর পেয়ে তা সংগ্রহ করতে গেলে সাংবাদিকদের ওপর হামলার ঘটনা ঘটে।

স্মারকলিপিতে বলা হয়, সংঘর্ষে জড়িত দুইজনকে আশ্রয় দিয়ে নিরাপদে সরিয়ে দেন কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সদস্য সচিব মোস্তাফিজুর রহমান শুভ। এ বিষয়ে প্রশ্ন করতে গেলে তিনি দৈনিক কালবেলার প্রতিনিধি আবু শামাকে ধাক্কা দেন। পরে ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সাফায়েত সজল সাংবাদিকদের ধাক্কাতে ধাক্কাতে পেছনে নিয়ে যেতে থাকেন।

এ সময় মব তৈরি করে ছাত্রদলের কর্মী সাইফুল মালেক আকাশ (বাংলা-১৫), জহিরুল ইসলাম জয় (ইংরেজি-১৬), তাওহিদ রহমান সাকিব (মার্কেটিং-১৭) ও তাহমিদ তাজওয়ার (মার্কেটিং-১৭)–সহ ২০-২৫ জনের একটি দল “সাংবাদিকদের আগে মারো” স্লোগান দিয়ে সাংবাদিকদের গোলচত্বরের দিকে হঠিয়ে নিয়ে যান।

এই ঘটনায় দৈনিক সংবাদের প্রতিনিধি চৌধুরী মাছাবিহ্, দৈনিক কালবেলার প্রতিনিধি আবু শামা এবং দ্য ডেইলি ক্যাম্পাসের প্রতিনিধি আকাশ আল মামুন শারীরিকভাবে লাঞ্ছিত হন। ভিডিও ধারণ করতে গেলে সাংবাদিক সাইফুল মালেক আকাশ তার সহকর্মীর হাত থেকে মোবাইল ফোনটি ছুড়ে ফেলে দেন বলে স্মারকলিপিতে উল্লেখ করা হয়।

বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে জড়িতদের বিরুদ্ধে দ্রুত তদন্ত ও কঠোর প্রশাসনিক ব্যবস্থার দাবি জানিয়ে স্মারকলিপিতে তারা লেখেন, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে যেখানে রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ, সেখানে ছাত্রদলের এই আচরণ শুধুমাত্র সাংবাদিকদের ওপর সরাসরি সন্ত্রাসী হামলা নয়, এটি মুক্ত সাংবাদিকতা ও গণমাধ্যম চর্চার ওপর একটি বড় বাধা হিসেবে দেখা হচ্ছে।

এ বিষয়ে প্রক্টর আবদুল হাকিম বলেন, “আমরা স্মারকলিপি পেয়েছি। বিষয়টি নিয়ে আমরা বসে পরবর্তী পদক্ষেপ নেবো।”

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন