লেজুড়বৃত্তিক ছাত্ররাজনীতির বিরুদ্ধে অবস্থান করবো: আবু বাকের

লেজুড়বৃত্তিক ছাত্ররাজনীতির বিরুদ্ধে অবস্থান করবো: আবু বাকের

জুলাই অভ্যুত্থানে নয় দফার সপ্তম দফায় লেজুড়বৃত্তির বিরোধিতা করেছি। আমরা সামনেও লেজুড়বৃত্তির বিপক্ষে থাকব। আমাদের ছাত্ররাজনীতি হবে মধ্যমপন্থার- এমনটিই মন্তব্য করেছেন জুলাই গণঅভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া শিক্ষার্থীদের নবগঠিত স্বতন্ত্র সংগঠন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদের কেন্দ্রীয় আহ্বায়ক আবু বাকের মজুমদার।

বিজ্ঞাপন

শনিবার সন্ধ্যা ছয়টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনের সামনে ক্যাম্পাসে বাকি ক্রিয়াশীল ছাত্র সংগঠনগুলোর সাথে এক পরিচিতি সভায় সমাপনী বক্তব্যে এসব কথা বলেন।

এসময় বাংলাদেশ জাতীয়বাদী ছাত্রদল, ইসলামী ছাত্রশিবির, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, বিপ্লবী ছাত্র মৈত্রী, বাংলাদেশ ছাত্র ফেডারেশন, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট (মার্ক্সবাদী), ইসলামী ছাত্র আন্দোলন, বাংলাদেশ ছাত্রপক্ষ, স্বাধীন বাংলা ছাত্র সংসদের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বক্তব্য প্রদানকালে আবু বাকের বলেন, জুলাইয়ে আমরা কাঁধে কাঁধ মিলিয়ে ছাত্রলীগ ও আওয়ামীলীগের বিরুদ্ধে লড়াই করেছি। জুলাইয়ের পরে আমরা এখনো সহাবস্থানের রাজনীতি চর্চা করছি। আশা করে সহাবস্থানের এ ধারা বিরাজমান থাকবে। আমরা বাংলাদেশের প্রশ্নে সবাইকে ঐক্যবদ্ধ রাখার চেষ্টা করব।

তিনি আরো বলেন, জুলাই অভ্যুত্থানে নয় দফার সপ্তম দফায় লেজুড়বৃত্তির বিরোধিতা করেছি। আমরা সামনেও লেজুড়বৃত্তির বিপক্ষে থাকব। এছাড়াও ডাকসুসহ সকল প্রতিষ্ঠানে ছাত্রসংসদ অতি দ্রুত বাস্তবায়নের চেষ্টা করে যাবো। এসময় ডাকসু নির্বাচন নিয়ে সকল সংগঠনের সাথে বসে আলোচনা করে ঐকমত্যে আসার আহ্বান জানান তিনি।

এসময় সংগঠনটির কেন্দ্রীয় সদস্য সচিব জাহিদ আহসান বলেন, ক্যাম্পাসে ছাত্ররাজনীতির শূন্য ধারা পূরণে আমরা সাংগঠনিক রূপ নিয়েছি। বিগত সময়ে অনেক প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা রাজনীতি থেকে দূরে ছিল। আমরা এ সংগঠনের মাধ্যমে প্রাইভেট বিশ্ববিদ্যালয়, মাদ্রাসা,কলেজ সবাইকে রাজনীতিতে আনার এবং ধরে রাখার চেষ্টা করছি৷ দেশের স্বার্থে যেন সবাই কাজে আসে সে চেষ্টা করছি।

সংগঠনটির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক আব্দুল কাদের বলেন, জুলাইয়ের আগে সকল ছাত্রসংগঠনের সবাই একসাথে একজায়গায় বসার কথা আমরা কেবল স্বপ্নে কল্পনা করতাম। আজ তা বাস্তবে দেখছি। সবাই মিলে শহীদদের স্বপ্নের ক্যাম্পাস বিনির্মাণে কাজ করে যাবো। সব রকমের দখলদারিত্বের অবসান ঘটাব। সকল ধরনের বিভাজনের অবসান করে ঐক্যের বাংলাদেশের আহবান জানাই। আমরা রাজনৈতিক সহাবস্থানের ভিত্তিতে সন্ত্রাসকে দূরে রেখে মধ্যম পন্থী রাজনীতি করব।

এর আগে দুপুর দেড়টায় মোহাম্মদপুর রায়েরবাজার কবরস্থানে নবগঠিত ছাত্র সংগঠনটির কেন্দ্রীয় ও ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা কমিটির সদস্যরা জুলাই গণ-অভ্যুত্থানের শহীদদের কবর জিয়ারত ও পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে সাংগঠনিক কার্যক্রম শুরু করে সংগঠনটি।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন