জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ইসলামী ছাত্রশিবির আয়োজিত নবীনবরণ অনুষ্ঠানে এক নারী শিক্ষার্থীর কবিতা আবৃত্তি ও মন্তব্য ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয়েছে।
জয়নাব হাসান নামে ওই নারী শিক্ষার্থী কবি আল মাহমুদের কবিতার উদ্ধৃতি দিয়ে বলেছেন, আমাদের ভয় দেখিয়ে শয়তান নিজেই দিল্লি পালিয়ে গেছে।
জয়নাব হাসান বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগে ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ছাত্রী। তিনি কবি আল মাহমুদের 'আমাদের মিছিল' কবিতা আবৃত্তি করেন। কবিতার শ্লোক ‘আমাদের ভয় দেখিয়ে শয়তান নিজেই অন্ধকারে পালিয়ে যায়’ এর সঙ্গে মিলিয়ে ‘আমাদের ভয় দেখিয়ে শয়তান নিজেই দিল্লি পালিয়ে গেছে’ বলে মন্তব্য করেন তিনি।
কিন্তু সেটির সঙ্গে সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি মিলিয়ে জয়নাব বলেন, ‘৫ আগস্ট যখন শেখ হাসিনা পালিয়ে গেলেন, তখন কবি আল মাহমুদের বখতিয়ারের ঘোড়া কবিতার একটা লাইন খুব মনে পড়ছিল—“দ্যাখো দ্যাখো, জালিম পালায় খিড়কি দিয়ে”। আমার মনে হয়, কবি আল মাহমুদ অনেক আগেই বলে গেছেন, জালিমরা কীভাবে লেজ গুটিয়ে পালিয়ে যায়।’
জয়নাব আরও বলেন, ‘আজকের প্রোগ্রামে আমি এসেছি মূলত একজন মানুষের জন্য—ড. মির্জা গালিব। আমি ব্যক্তিগতভাবে গালিব ভাইকে অনুসরণ করি। তিনি কিছুক্ষণ আগে বললেন, আমাদের সাংস্কৃতিক ও রাজনৈতিকভাবে সচেতন হতে হবে। আমি নিজেও তা-ই বিশ্বাস করি। গালিব ভাইয়ের সঙ্গে এক মঞ্চে থাকতে পারা আমার জীবনের একটা বড় প্রাপ্তি।’
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক ড. মুহাম্মদ বিলাল হোসাইন। বক্তব্য দেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সভাপতি রিয়াজুল ইসলাম।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

