ফেনী সীমান্তে পৃথক চোরাচালানবিরোধী অভিযান চালিয়ে ৬৮ লাখ ২৫ হাজার ৯৫০ টাকা দামের ভারতীয় শাড়ি, চকলেট ও একটি মিনি ট্রাক জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
সোমবার জেলার ফুলগাজী ও ছাগলনাইয়া উপজেলার সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে এসব চোরাচালানি পণ্য জব্দ করা হয়।
বিজিবি সূত্রে জানা গেছে, সীমান্তপথে আনা ভারতীয় শাড়ি ও চকলেটের একটি বড় চালান দেশের অভ্যন্তরে পাচারের উদ্দেশ্যে মজুত করা হয়েছিল। গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির বিশেষ টহল দল তাৎক্ষণিক অভিযান চালিয়ে চোরাচালানি পণ্যগুলো এবং পরিবহনে ব্যবহৃত মিনি ট্রাকটি জব্দ করে।
ফেনীস্থ ৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এম এম জিল্লুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, জব্দ করা মালামাল পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য স্থানীয় কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের কার্যক্রম চলছে।
সীমান্তে যেকোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ, চোরাচালান ও সীমান্ত অপরাধ রোধে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করা এবং মাদকসহ অন্যান্য চোরাচালান বন্ধে বিজিবির নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।
জেডএম
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

