যৌতুক ও নেশার টাকার জন্য স্ত্রীকে নির্যাতনের অভিযোগ ওঠার পর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) শাখা ছাত্রদলের সিনিয়র সহসভাপতি মো. মাইদুল ইসলাম বাপ্পির সাংগঠনিক পদ স্থগিত করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল।
মঙ্গলবার ছাত্রদলের দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত অনুযায়ী সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগের ভিত্তিতে বেরোবি শাখা ছাত্রদলের সিনিয়র সহসভাপতি মাইদুল ইসলাম বাপ্পির সাংগঠনিক পদ স্থগিত করা হয়েছে। একই সঙ্গে অভিযোগের বিষয়ে সাংগঠনিকভাবে পরবর্তী পদক্ষেপ গ্রহণের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে বলে উল্লেখ করা হয়।
এর আগে সোমবার মাইদুল ইসলামের বিরুদ্ধে যৌতুক দাবি এবং নেশার টাকার জন্য স্ত্রীকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতনের অভিযোগ প্রকাশ্যে আসে। পাশাপাশি হত্যার হুমকির অভিযোগও তোলেন তার স্ত্রী।
ভুক্তভোগী স্ত্রী বিশ্ববিদ্যালয় প্রশাসন ও ছাত্রদলের কেন্দ্রীয় নেতৃবৃন্দের কাছে লিখিত অভিযোগ দাখিল করেছেন বলে জানা গেছে। অভিযোগে তিনি দাবি করেন, বিয়ের পর থেকে বিভিন্ন সময়ে তার কাছে টাকা দাবি করা হয় এবং সেই দাবি পূরণ না হলে তাকে নির্যাতনের শিকার হতে হয়। এমনকি প্রাণনাশের হুমকিও দেওয়া হয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
অভিযোগ সামনে আসার পর বিষয়টি নিয়ে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়। পরে কেন্দ্রীয় ছাত্রদল অভিযোগের বিষয়টি আমলে নিয়ে সাংগঠনিক ব্যবস্থা হিসেবে মাইদুল ইসলাম বাপ্পির পদ স্থগিতের সিদ্ধান্ত গ্রহণ করে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

