পোষ্য কোটা বাতিলের প্রতিবাদে রাবিতে মানববন্ধন

প্রতিনিধি, রাবি

পোষ্য কোটা বাতিলের প্রতিবাদে রাবিতে মানববন্ধন

পোষ্য কোটা বাতিলের প্রতিবাদে মানববন্ধন করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা কর্মচারীরা। সোমবার সকালে বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবন সংলগ্ন প্যারিস রোডে এই কর্মসূচি পালন করেন তারা।

এসময় আইন অনুষদের কর্মচারী রফিকুল ইসলাম সদর বলেন, আমাদের অধিকার বাতিলের দাবিতে দাঁড়াতে হবে এটা কখনোই ভাবি নি। এই প্রশাসন নিজেদের চেয়ারকে টিকিয়ে রাখতে যৌক্তিক পাওনা থেকে আমাদের বঞ্চিত করেছে। প্রশাসনকে বলে দিতে চাই এটা আমাদের প্রাতিষ্ঠানিক সুবিধা।

বিজ্ঞাপন

অফিসার্স সমিতির কোষাধ্যক্ষ মাসুদ রানা বলেন, প্রশাসনকে জবাব দিতে হবে আমরা কেন আটকে থাকলাম। আমরা এখানে আসি কাজ করতে। আমাদের কেন আটকানো হলো? আমাদের প্রাতিষ্ঠানিক সুবিধা পুনর্বহাল করতে হবে।

অফিসার সমিতির ভারপ্রাপ্ত সভাপতি মোক্তার হোসেন বলেন, আমরা আজ শান্তিপূর্ণ মানববন্ধন করছি। আগামীকাল প্রশাসনিক ভবনের সামনে ২ ঘন্টার ধর্মঘট পালন করবো। এছাড়াও আগামী ৮ তারিখ আমরা সারাদিনব্যাপী কর্মবিরতি পালন করবো। যতদিন পর্যন্ত না আমরা আমাদের অধিকার ফিরে পাব ততদিন আন্দোলন চালিয়ে যাবো।

উল্লেখ্য, ভর্তি পরীক্ষায় পোষ্য কোটা বাতিলের দাবিতে গত বৃহস্পতিবার রাবির প্রশাসন ভবনে তালা মেরে শতাধিক কর্মকর্তাকে অবরুদ্ধ করে রাখেন শিক্ষার্থীরা। আন্দোলনের মুখে পোষ্য কোটা বাতিল করে রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রশাসন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন