দীর্ঘদিনের অচলাবস্থার অবসান ঘটিয়ে পুনরায় চালু হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) রেলওয়ে স্টেশন। প্রাথমিকভাবে পদ্মা এক্সপ্রেস, তিতুমীর এক্সপ্রেস ও সাগরদাঁড়ি এক্সপ্রেস—ট্রেন রাতে স্টেশনটিতে যাত্রাবিরতি দেবে।
মঙ্গলবার বিকেল সাড়ে ৩টার দিকে রেলওয়ে কর্তৃপক্ষের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মাহবুবুর রহমান।
তিনি বলেন, আইন বিভাগের শিক্ষার্থী ফুরকান আহমেদের ওপর হামলা ও হেনস্তার প্রতিবাদে শিক্ষার্থীদের চার দফা দাবির অন্যতম ছিল রাজশাহী বিশ্ববিদ্যালয় রেলওয়ে স্টেশন পুনরায় চালু করা। এ বিষয়ে বিভাগীয় কমিশনারের সঙ্গে আলোচনা হয়েছে। তিনি রেলওয়ে কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে প্রাথমিকভাবে তিনটি ট্রেনের স্টপেজ দেওয়ার আশ্বাস দিয়েছেন। দ্রুতই এ সিদ্ধান্ত বাস্তবায়ন হবে বলে আশা করা হচ্ছে।
প্রেস ব্রিফিংয়ে রাকসুর সাধারণ সম্পাদক (জিএস) সালাহউদ্দিন আম্মার বলেন, প্রাথমিকভাবে পরীক্ষামূলকভাবে তিনটি ট্রেন রাবি স্টেশনে যাত্রাবিরতি দেবে। পদ্মা এক্সপ্রেস, তিতুমীর এক্সপ্রেস ও সাগরদাঁড়ি এক্সপ্রেসকে ঘিরেই প্রাথমিক আলোচনা হয়েছে। উদ্যোগটি সফল হলে পর্যায়ক্রমে অন্যান্য ট্রেনেরও যাত্রাবিরতি চালু করা হবে।
তিনি আরো বলেন, ট্রেনগুলোর সময়সূচি সমন্বয়সহ কিছু আনুষ্ঠানিক প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। এসব বিষয় চূড়ান্ত করতে আগামী ৬ আগস্ট আরেকটি বৈঠক অনুষ্ঠিত হবে। এরপর আনুষ্ঠানিকভাবে সিদ্ধান্ত বাস্তবায়ন হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
এর আগে, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থী ফুরকান আহমেদকে টিটিই কর্তৃক মারধর ও হেনস্তার অভিযোগে অভিযুক্ত টিটিইর শাস্তি এবং ঘটনার সুষ্ঠু তদন্তের দাবিতে মঙ্গলবার সকাল থেকে রেললাইন অবরোধ করেন শিক্ষার্থীরা। এতে প্রায় আট ঘণ্টা রাজশাহীর সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ থাকে। বিভিন্ন স্টেশনে ট্রেন আটকে পড়ায় শত শত যাত্রী দুর্ভোগে পড়েন।
পরে বিভাগীয় কমিশনারের কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে শিক্ষার্থীদের দাবির বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হলে বিকেল সাড়ে ৩টার দিকে অবরোধ প্রত্যাহার করেন তারা। এরপর ট্রেন চলাচল পুনরায় শুরু হলে রাজশাহীর সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ স্বাভাবিক হয়।
জেডএম
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

