রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে হতাহতের ঘটনায় আহতদের সহযোগিতায় এগিয়ে এসেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) স্বেচ্ছাসেবী সংগঠন ‘বাঁধন’ ইউনিট ও বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, জবি শাখা।
সোমবার দুপুরে দুর্ঘটনার খবর পাওয়ার পরপরই জবি বাঁধনের একদল সদস্য ও ছাত্রদলের নেতাকর্মীরা ছুটে যান জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে। সেখানে তাঁরা আহতদের জন্য রক্তদানের পাশাপাশি অন্যান্য সহযোগিতামূলক কর্মকাণ্ডে অংশ নেন। রক্ত সংকট মোকাবিলায় তাঁরা হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে কাজ করছেন।
বার্ন ইনস্টিটিউট সূত্রে জানা গেছে, দুর্ঘটনায় গুরুতর দগ্ধ অন্তত ৫০ জনকে আশঙ্কাজনক অবস্থায় ভর্তি করা হয়েছে। তাঁদের মধ্যে অনেকের শরীরের ৫০ শতাংশেরও বেশি পুড়ে গেছে। জরুরি ভিত্তিতে বিপুল পরিমাণ রক্তের প্রয়োজন দেখা দিয়েছে। ইতোমধ্যে হাসপাতালে পজিটিভ গ্রুপের রক্তের জোগান থাকলেও নেগেটিভ গ্রুপে সংকট দেখা দিয়েছে।
এমন পরিস্থিতিতে সাধারণ শিক্ষার্থীরাও এগিয়ে এসে রক্তদানে অংশ নিচ্ছেন। হাসপাতালের বাইরে স্বেচ্ছায় রক্তদাতাদের দীর্ঘ সারি দেখা গেছে। সামাজিক দায়বদ্ধতা থেকে এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন চিকিৎসক ও স্বজনরা।
ঘটনার পরপরই কেন্দ্রীয় ছাত্রদলের নির্দেশনায় জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের পক্ষ থেকে একটি জরুরি সাড়া-দাতা টিম গঠন করা হয়। টিমটি দুর্ঘটনায় আহত সকলকে সহযোগিতায় সক্রিয়ভাবে কাজ করছে। রক্তের প্রয়োজন হলে বাঁধনের সঙ্গে সমন্বয় করে তা সরবরাহ করা হবে বলে জানিয়েছে ছাত্রদল।
এ বিষয়ে জবি ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান হিমেল বলেন, “জাতীয় দুর্যোগে আমরা দায়িত্বহীন থাকতে পারি না। আহতদের প্রাণ বাঁচাতে রক্তদানের পাশাপাশি অন্যান্য সহযোগিতা অব্যাহত থাকবে। এই মানবিক বিপর্যয়ে সকলে মিলে এগিয়ে আসাই এখন সবচেয়ে জরুরি।”
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

