আসন্ন ডাকসু নির্বাচনের বাংলাদেশে জাতীয়তাবাদী ছাত্রদল এর প্যানেল থেকে কারা মনোনয়ন পাচ্ছেন তা এখনো চূড়ান্ত হয়নি। জানা গেছে, সোমবার রাতে আলোচনা পর্যালোচনার মাধ্যমে চূড়ান্ত প্যানেল ঘোষণা করবে সংগঠনটি। তবে সোমবার (১৮ আগস্ট) দুপুরের পর জাতীয়তাবাদী ছাত্রদলের একাধিক নেতাকে আলাদা আলাদাভাবে মনোনয়ন ফরম সংগ্রহ করতে দেখা গেছে। ইতোমধ্যে ডাকসু নির্বাচনের শীর্ষ তিন পদে মনোনয়ন নিয়েছেন তারা।
এদিন বিকেলে সংগঠনটির কেন্দ্রীয় সংসদের ১নং জয়েন্ট সেক্রেটারি মমিনুল ইসলাম জিসান ডাকসু ভিপি পদে মনোনয়নপত্র নিয়েছেন। এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার যুগ্ম সাধারণ সম্পাদক আবিদুল ইসলাম খান এবং বিএম কাউসারও নেন ভিপি পদের মনোনয়নপত্র।
এছাড়া জিএস পদে মনোনয়নপত্র নেন ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী শেখ তানভীর বারী হামিম।
এদিন এজিএস পদে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বিজয় একাত্তর হল ছাত্রদলের আহ্বায়ক তানভীর আল হাদী মায়েদ।
মনোনয়নপত্র সংগ্রহ শেষে ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান বলেন, ডাকসু নির্বাচন কোনো নির্দিষ্ট সংগঠনের নয়, কোনো নির্দিষ্ট নেতার নয় বরং এটি সমগ্র বাংলাদেশের গণতান্ত্রিক আকাঙ্ক্ষা। আমরা সেই আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে ডাকসু নির্বাচনে স্বতঃস্ফূর্ত অংশ গ্রহণ করছি।
মনোনয়নপত্র নেওয়ার পরে জিএস প্রার্থী তানভীর বারী হামিম বলেন, আমাদের প্যানেল এখনো চূড়ান্ত হয়নি। আজকে রাতের মধ্যেই ছাত্রদলের দলীয় প্যানেল চূড়ান্ত হবে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

