টানা অষ্টম দিনে জবিতে অবস্থান, শিক্ষার্থীদের নতুন কর্মসূচি ঘোষণা

টানা অষ্টম দিনে জবিতে অবস্থান, শিক্ষার্থীদের নতুন কর্মসূচি ঘোষণা

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জকসু) নির্বাচন ও সম্পূরক বৃত্তি প্রদানের দাবিতে টানা অষ্টম দিনের মতো অবস্থান কর্মসূচি পালন করেছে শিক্ষার্থীরা। রোববার (৩১ আগস্ট) সকাল থেকে উপাচার্য ভবনের সামনে তারা এ কর্মসূচি শুরু করে বিকেল ৩টা ৩০ মিনিট পর্যন্ত অব্যাহত রাখে।

বিজ্ঞাপন

শিক্ষার্থীরা জানায়, দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়া হবে। একই সঙ্গে সোমবার থেকে নতুন কর্মসূচির অংশ হিসেবে ক্লাস ক্যাম্পেইন ও লিফলেট বিতরণ শুরু হবে।

এর আগে গত ১৯ আগস্ট থেকে শিক্ষার্থীরা এ কর্মসূচি শুরু করে। সাপ্তাহিক ছুটির দুই দিন আন্দোলন স্থগিত থাকলেও রবিবার থেকে ধারাবাহিকভাবে এটি চলছে।

অবস্থান কর্মসূচিতে অংশ নিয়ে শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগান দেন। তাদের কণ্ঠে শোনা যায়— “আটটা টু আটটা, বাজায় কার ঘণ্টা”, “জকসু আমার অধিকার, রুখে দেওয়ার সাধ্য কার”, “বৃত্তি আমার অধিকার, মুখে দেওয়ার সাধ্য কার”, “এ লড়াইয়ে জিতবে কারা? জবিয়ান জবিয়ান” প্রভৃতি। পাশাপাশি তারা বিশ্ববিদ্যালয় প্রশাসনের বিরুদ্ধেও স্লোগান দেন।

অবস্থান কর্মসূচিতে শাখা ছাত্রশিবির, ছাত্র অধিকার পরিষদ, বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ, আপ বাংলাদেশ, ইসলামিক ছাত্র আন্দোলনসহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।

বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের সদস্য সচিব শাহিন মিয়া বলেন, “দীর্ঘদিন ধরে আমরা দুটি দাবি— জকসু ও বৃত্তি নিয়ে আন্দোলন করছি। অথর্ব প্রশাসন কোনো পদক্ষেপ নিচ্ছে না। তারা নিজেদের ভাগবাটোয়ারা নিয়ে ব্যস্ত, শিক্ষার্থীদের নিয়ে ভাবে না। আমরা অনেক ধৈর্য ধরেছি, তবে আর বেশি অপেক্ষা নয়। দু-একদিনের মধ্যে শিক্ষার্থীদের নিয়ে কঠোর কর্মসূচিতে যেতে বাধ্য হবো।”

বিশ্ববিদ্যালয় ছাত্র অধিকার পরিষদের সভাপতি এ কে এম রাকিব বলেন, প্রশাসন এখন পর্যন্ত সম্পূরক বৃত্তি নিয়ে কোনো অবস্থান জানায়নি। এমনকি গত মঙ্গলবার সিন্ডিকেট সভা হওয়ার পরও জকসুর নীতিমালা ইউজিসিতে পাঠানো হয়নি। এই প্রশাসনের ওপর আমাদের কোনো আস্থা নেই। তাই আগামীকাল থেকে অবস্থান কর্মসূচির পাশাপাশি ক্লাস ক্যাম্পেইন ও লিফলেট বিতরণ করব।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন