জুলাই গণঅভ্যুত্থানে নিহতদের হত্যার বিচার, আহত জুলাই যোদ্ধাদের সুচিকিৎসা, শহীদ ও আহত পরিবারের নিরাপত্তা নিশ্চিতের দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে সংবাদ সম্মেলন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
রোববার জাতীয় প্রেসক্লাবের সামনে এই কর্মসূচির আয়োজন করে জুলাই ২৪ শহীদ পরিবার সোসাইটি ও আমরা জুলাই যোদ্ধা কেন্দ্রীয় নির্বাহী কমিটি। এতে সংগঠন দুটির নেতাকর্মী ও শহীদ পরিবারের সদস্যরা অংশ নেন।
সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, জুলাই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে বিচার ও জবাবদিহি নিশ্চিত করতে হবে। একই সঙ্গে জুলাই গণঅভ্যুত্থানের সঙ্গে সংশ্লিষ্ট সংগঠনগুলোর রাজনৈতিক, মিছিল-সমাবেশ ও সাংগঠনিক তৎপরতা বন্ধের দাবিও জানান তারা।
শহীদ পরিবারের সদস্যরা বলেন, স্বজন হারানোর ঘটনায় তারা ন্যায়বিচার চান। হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও বিচার নিশ্চিতের পাশাপাশি শহীদ ও আহত পরিবারগুলোর নিরাপত্তা ও অধিকার রক্ষায় রাষ্ট্রকে কার্যকর পদক্ষেপ নিতে হবে।
সংবাদ সম্মেলন শেষে বিভিন্ন দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ মিছিল করেন আয়োজকেরা। এ সময় ‘জুলাই হত্যার বিচার চাই’সহ বিভিন্ন স্লোগান দেন তারা।
কর্মসূচি থেকে জুলাই হত্যাকাণ্ডের বিচার, আহতদের সুচিকিৎসা এবং শহীদ ও আহত পরিবারের নিরাপত্তা ও অধিকার নিশ্চিত করতে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান আয়োজকেরা।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


