খুবি ক্যাফেটেরিয়ার খাবারে টিকটিকি পাওয়ার অভিযোগ

খুবি ক্যাফেটেরিয়ার খাবারে টিকটিকি পাওয়ার অভিযোগ

খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) কেন্দ্রীয় ক্যাফেটেরিয়ার খাবারে টিকটিকি পাওয়ার অভিযোগ উঠেছে। শনিবার (১ আগস্ট) দুপুরে ক্যাফেটেরিয়া থেকে কেনা সবজির মধ্যে টিকটিকি দেখতে পাওয়ার দাবি করেন এক শিক্ষার্থী।

বিজ্ঞাপন

এ ঘটনার ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়।

অভিযোগকারী শিক্ষা ডিসিপ্লিনের ২৬ ব্যাচের শিক্ষার্থী আসমাউল হুসনা বলেন, দুপুর সাড়ে ১২টার দিকে ক্যাফেটেরিয়া থেকে খাবার নিয়ে হলে এসে খাওয়ার সময় পটল, আলু ও ডিমের তরকারির মধ্যে একটি টিকটিকি দেখতে পান।

তিনি বলেন, ক্যাফেটেরিয়ায় শিক্ষার্থী ছাড়াও শিক্ষক ও বহিরাগতরা খাবার খান। এমন ঘটনা অত্যন্ত উদ্বেগজনক এবং এতে ফুড পয়জনিংয়ের মতো স্বাস্থ্যঝুঁকি তৈরি হতে পারে। সংশ্লিষ্টদের আরও সতর্ক হওয়ার আহ্বান জানান তিনি।

ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে অনেক শিক্ষার্থী ক্যাফেটেরিয়ার খাবারের মান ও স্বাস্থ্যবিধি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। তাদের দাবি, খাবার প্রস্তুত ও পরিবেশনের ক্ষেত্রে কঠোর স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে হবে।

বাংলা ডিসিপ্লিনের চতুর্থ বর্ষের শিক্ষার্থী সাহেবী ইকরাম রেদোয়ান বলেন, ক্যাফেটেরিয়ার খাবারে টিকটিকি পাওয়া যাওয়ার ঘটনা অত্যন্ত উদ্বেগজনক ও অগ্রহণযোগ্য। এটি খাবার প্রস্তুত ও পরিবেশনের ক্ষেত্রে অব্যবস্থাপনা এবং স্বাস্থ্যবিধি অনুসরণে ঘাটতির ইঙ্গিত দেয়। ভবিষ্যতে এমন ঘটনা এড়াতে সংশ্লিষ্টদের আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান তিনি।

একই ডিসিপ্লিনের শিক্ষার্থী তানভির বিন মুহিত বলেন, শিক্ষার্থীদের নিরাপদ ও মানসম্মত খাবার নিশ্চিত করা বিশ্ববিদ্যালয় প্রশাসনের দায়িত্ব। যাদের অবহেলার কারণে এ ঘটনা ঘটেছে, তাদের জবাবদিহির আওতায় এনে কার্যকর ব্যবস্থা নেওয়া উচিত।

অভিযোগের বিষয়ে ক্যাফেটেরিয়ার ম্যানেজার বলেন, তারা সবসময় পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখার চেষ্টা করেন। রান্নার সময় টিকটিকি পড়লে সেটি গলে যাওয়ার কথা। বিষয়টি কীভাবে ঘটেছে, তা খতিয়ে দেখা হচ্ছে।

বিশ্ববিদ্যালয়ের ছাত্রবিষয়ক পরিচালক অধ্যাপক ড. মো. সালাউদ্দীন বলেন, ঘটনাটি তদন্তের জন্য সংশ্লিষ্ট দপ্তরকে নির্দেশ দেওয়া হয়েছে। ক্যাফেটেরিয়া তদারকি কমিটি ও ব্যবস্থাপনা কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন