চার ঘণ্টা পর যৌথবাহিনী দেখেই শিক্ষার্থীদের ভুয়া ভুয়া ধ্বনি

চার ঘণ্টা পর যৌথবাহিনী দেখেই শিক্ষার্থীদের ভুয়া ভুয়া ধ্বনি

বিজ্ঞাপন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে স্থানীয় বাসিন্দাদের চার ঘণ্টা ধরে সংঘর্ষ চলছে।

রোববার বিকেল ৪টার দিকে সংঘর্ষের পরিস্থিতি নিয়ন্ত্রণ আনতে যৌথবাহিনীর মোতায়েন করা হয়। তবে এত দীর্ঘ সময় পর যৌথবাহিনীর উপস্থিতিতে ক্ষোভ প্রকাশ করেছেন শিক্ষার্থীরা। যৌথবাহিনী দেখেই তারা ভুয়া ভুয়া ধ্বনি দিতে থাকেন।

এর আগে দুপুর ৩টার দিকে ১৪৪ ধারা জারি করা হয়। বিশ্ববিদ্যালয়ে ২ নম্বর গেট বাজারের পূর্ব সীমা থেকে পূর্বদিকে রেলগেট পর্যন্ত রাস্তায় উভয়পাশে এ ধারা জারি করেন হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আবদুল্লাহ আল মুমিন।

চার ঘণ্টা পর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতিতে ক্ষোভ প্রকাশ করেছেন ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের শিক্ষার্থী মঈনউদ্দীন চিশতী।

তিনি আমার দেশকে বলেন, সকাল থেকে থেমে থেমে স্থানীয়রা শিক্ষার্থীদের ওপর হামলা চালায়। অলিগলি থেকে রাম দা, পাথর ও ককটেল বিস্ফরণের মাধ্যমে আমাদের ওপর অতর্কিত হামলা চালায়। শিক্ষার্থী ও বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে সকাল থেকে পুলিশ ও সেনাবাহিনীকে বারবার ফোন করার পরও তাদের কোন সাড়া পাওয়া যায়নি। অনেক শিক্ষার্থী আহত হওয়ার পর এসেছে যৌথবাহিনী। এখন তাদের না আসলেও হতো।

দুপুর সাড়ে ১২টার দিকে স্থানীয় বাসিন্দাদের সাথে সমোঝোতা করতে যায় উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক ড. মোহাম্মদ শামীম উদ্দিন, উপ-উপাচার্য প্রশাসন অধ্যাপক ড. মো. কামাল উদ্দিন, প্রক্টর অধ্যাপক ড. তানভীর মোহাম্মদ হায়দার আরিফ। ওই সময়ই শিক্ষার্থীদের ওপর ইটপাটকেল নিক্ষেপ করতে থাকে স্থানীয়রা এবং উভয় পক্ষেই সংঘর্ষে জড়িয়ে পড়ে।

এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ের প্রায় দেড়শোর অধিক শিক্ষার্থী আহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন প্রায় ৩০ শিক্ষার্থী। কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

এর আগে গত রাত দেড়টার দিকে দারোয়ান কর্তৃক বিশ্ববিদ্যালয়ের এক নারী শিক্ষার্থীকে মারধরের ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষে জড়ায় স্থানীয় বাসিন্দা ও শিক্ষার্থীরা। এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ের প্রায় ৭০ এর অধিক শিক্ষার্থী আহত হয়।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন