জবি শিক্ষক হামলার অভিযোগ অস্বীকার ছাত্রদলের, তদন্তের দাবি

জবি শিক্ষক হামলার অভিযোগ অস্বীকার ছাত্রদলের, তদন্তের দাবি

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) শিক্ষকের ওপর হামলার অভিযোগ অস্বীকার করেছে বিশ্ববিদ্যালয় শাখা জাতীয়তাবাদী ছাত্রদল।

রোববার জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান হিমেল এবং সদস্য সচিব শামসুল আরেফিন স্বাক্ষরিত এক যৌথ বিবৃতিতে এই দাবি জানানো হয়।

বিজ্ঞাপন

বিবৃতিতে বলা হয়, ‘বিগত ফ্যাসিস্ট আমলে ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত এবং ছাত্রদলের নেতাকর্মীদের ওপর সুস্পষ্ট হামলার সাথে সংশ্লিষ্ট রফিক বিন সাদেক রেশাদকে প্রশাসনের হাতে তুলে দিতে গিয়ে অনাকাঙ্ক্ষিত ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়। তবে সেখানে কোনো সম্মানিত শিক্ষক বা শিক্ষার্থীর ওপর হামলার ঘটনা ঘটেনি।’

ছাত্রদল আরও জানায়, ঘটনার দিনই তারা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছে। বিবৃতিতে বলা হয়, ‘আমরা বিশ্বাস করি, নিরপেক্ষ তদন্তের মাধ্যমে ঘটনার প্রকৃত চিত্র উঠে আসবে। এর আগে সবাইকে ধৈর্য ধারণ করতে অনুরোধ জানাচ্ছি।’

অন্যদিকে, শিক্ষার্থীরা জানিয়েছেন, গত বৃহস্পতিবার (১০ জুলাই) বিকাল সাড়ে ৪টার দিকে শহীদ সাজিদ একাডেমিক ভবনের নিচে ছাত্রলীগ সংশ্লিষ্টতার অভিযোগে ম্যানেজমেন্ট বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী রফিক বিন সাদেক রেসাদের মারধর করেন ছাত্রদলের নেতাকর্মীরা।

ঘটনার সময় রেসাদকে রক্ষা করতে গিয়ে বিশ্ববিদ্যালয়ের ছাত্রকল্যাণ উপদেষ্টা ড. এ কে এম রিফাত হাসান এবং সহকারী প্রক্টর শফিকুল ইসলাম গালিগালাজ ও শারীরিকভাবে লাঞ্ছনার শিকার হন বলে জানান উপস্থিত শিক্ষার্থীরা।

তারা আরও বলেন, শাখা বাগছাস সভাপতি মো. ফয়সাল মুরাদ, মুখ্য সংগঠক ফেরদৌস হাসান এবং যুগ্ম আহ্বায়ক ফারুককেও ‘ছাত্রলীগ ট্যাগ’ দিয়ে মারধর করেন ছাত্রদলের নেতাকর্মীরা।

শিক্ষকের ওপর হামলার ঘটনায় ইতোমধ্যেই একটি তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। তবে আগের কমিটির দুই শিক্ষক সদস্য পদত্যাগ করায়, নতুন করে কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সাবিনা শরমীনকে আহ্বায়ক এবং রেজিস্ট্রার অধ্যাপক ড. গিয়াসউদ্দিনকে সদস্য করে কমিটি পুনর্গঠন করা হয়েছে।

ঘটনার বিচার দাবিতে উত্তাল রয়েছে বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষার্থীরা। তাঁরা ক্লাস-পরীক্ষা বর্জন করে উপাচার্য ভবন ঘেরাও করেছেন এবং ২৪ ঘণ্টার আলটিমেটাম দিয়েছেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন