মধুর ক্যান্টিনে হাতাহাতির ঘটনাটি 'অনাকাঙ্ক্ষিত'; আবু বাকের মজুমদার

মধুর ক্যান্টিনে হাতাহাতির ঘটনাটি 'অনাকাঙ্ক্ষিত'; আবু বাকের মজুমদার

ছাত্রসংগঠনের কমিটি ঘোষণাকে কেন্দ্র করে ঘটা মারামারি ও হাতাহাতির ঘটনাকে 'অনাকাঙ্ক্ষিত' বলে মন্তব্য করেছেন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ-এর কেন্দ্রীয় আহ্বায়ক আবু বাকের মজুমদার।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার বিকেল সাড়ে চারটায় মধুর ক্যান্টিনের সামনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এই কথা বলেন।

এসময় তিনি বলেন, গতকাল (বুধবার) মধুর ক্যান্টিনে উদ্দেশ্যপ্রণোদিতভাবে একটি তৃতীয় পক্ষ ঢুকে আমাদের মাঝে ভুল বোঝাবুঝি ও হট্টগোলের সৃষ্টি করে।

এ ঘটনার সুষ্ঠু তদন্তের জন্য বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ থেকে তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে জানিয়ে তিনি বলেন, গঠিত এই কমিটিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তাহমিদ আল মুদ্দাসিসর, জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের তৌহিদ মোহাম্মদ সিয়াম, বেসরকারি বিশ্ববিদ্যালয় ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নাঈম আবেদিন থাকবেন। উক্ত কমিটি আগামী সাত কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেবেন এবং কারো বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুপারিশ করলে তা সাংগঠনিকভাবে ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে কমিটি ঘোষণার পরে ব্যক্তিগত কারণ দেখিয়ে নবগঠিত ছাত্রসংগঠনটির কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম সদস্য সচিব হিসেবে রিফাত রশীদ পদত্যাগ করেছেন। রিফাত রশীদের পদত্যাগের বিষয়ে সংবাদ সম্মেলনে আবু বাকের বলেন, কেন্দ্রীয় কমিটিতে রিফাতের নাম ঘোষণা করা হয়েছিল কিন্তু গতকাল রাতে ব্যক্তিগত কারণ দেখিয়ে তিনি অব্যাহতি নিয়েছেন।

ক্যাম্পাসে ছাত্ররাজনীতি প্রসঙ্গে বাকের আরো বলেন, আমরা বলেছি ক্যাম্পাসে লেজুড়বৃত্তিক রাজনীতি বন্ধ চাই, ছাত্র রাজনীতি নয়। ছাত্ররাজনীতি মানে গেস্টরুমের নির্যাতন বা বাধ্যতামূলক প্রোগ্রাম করানো নয়। এখানে নতুন করে কারো ছাত্রলীগ হয়ে ওঠার সুযোগ নেই।

এর আগে গত বৃহস্পতিবার বিকেল তিনটায় মধুর ক্যান্টিনের সামনে শিক্ষার্থীদের নতুন ছাত্র সংগঠন ঘোষণা করার কথা থাকলেও পাঁচটা নাগাদ কমিটি ঘোষণা করা হয়। এসময় রিফাত রশীদের পক্ষ নিয়ে রাজধানীর উত্তরা থেকে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী উত্তপ্ত স্লোগান দেন৷ পরে সেখানে কমিটি ঘোষণাকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয় ও প্রাইভেট বিশ্ববিদ্যালয় এই দুপক্ষের মধ্যে প্রথমে হাতাহাতি ও পরে মারামারির ঘটনা ঘটে। এতে সাংবাদিকসহ দুপক্ষের অন্তত ১০ জন শিক্ষার্থী আহত হন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন