ঢাবি ক্যাম্পাস পরিচ্ছন্নতায় ছাত্রদলের ছয় দফা দাবি

ঢাবি ক্যাম্পাস পরিচ্ছন্নতায় ছাত্রদলের ছয় দফা দাবি
পরিচ্ছন্ন ক্যাম্পাসের দাবি নিয়ে উপাচার্যের কাছে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল। ছবি: আমার দেশ

ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস, আবাসিক হল ও একাডেমিক ভবনসমূহের পরিষ্কার-পরিচ্ছন্নতা এবং পরিবেশ সুরক্ষায় ছয় দফা দাবি জানিয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলামের কাছে স্মারকলিপি দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা।

মঙ্গলবার (৪ আগস্ট) সকাল সাড়ে ১০টায় উপাচার্যের কার্যালয়ে এ স্মারকলিপি দেওয়া হয়। ‘Green & Clean Campus First’ এবং ‘পরিচ্ছন্নতার অভ্যাস করি, প্রাণবন্ত ক্যাম্পাস গড়ি’—এই দুই প্রতিপাদ্যকে সামনে রেখে কর্মসূচির আয়োজন করে সংগঠনটি।

বিজ্ঞাপন

স্মারকলিপিতে ক্যাম্পাসে পর্যাপ্ত ডাস্টবিন স্থাপন ও বর্জ্য পৃথকীকরণ, দোকানগুলোতে পরিচ্ছন্নতা নিশ্চিত করা, নিয়মিত পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা, স্যানিটেশন ব্যবস্থার উন্নয়ন, ক্যান্টিন ও ক্যাফেটেরিয়ায় কেন্দ্রীয় মনিটরিং এবং বৃক্ষরোপণ ও পুরোনো বৃক্ষ সংরক্ষণসহ বিভিন্ন দাবি তুলে ধরা হয়।

ছাত্রদলের নেতারা বলেন, একটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার পরিবেশের পাশাপাশি এর পরিচ্ছন্নতা ও পরিবেশগত ভারসাম্যও গুরুত্বপূর্ণ।

শিক্ষার্থীদের মধ্যে পরিচ্ছন্নতার অভ্যাস গড়ে তোলা এবং ক্যাম্পাসের পরিবেশ সুরক্ষায় প্রশাসনের পাশাপাশি শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করা প্রয়োজন।

স্মারকলিপিতে বলা হয়, ক্যাম্পাসের প্রতি ১৫০ থেকে ২০০ মিটার ব্যাসার্ধের মধ্যে অন্তত একটি ডাস্টবিন স্থাপন করতে হবে। পাশাপাশি পচনশীল ও অপচনশীল বর্জ্যের জন্য আলাদা রঙের ডাস্টবিন রাখতে হবে এবং সেগুলো নিয়মিত রক্ষণাবেক্ষণের ব্যবস্থা করতে হবে।

ক্যাম্পাসের প্রতিটি দোকানের সামনে ডাস্টবিন রাখা এবং দোকানগুলোর নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা নিশ্চিত করার বিষয়টি বাধ্যতামূলকভাবে তদারকির দাবি জানানো হয়েছে। একই সঙ্গে প্লাস্টিকের কাপ ও ব্যাগের পরিবর্তে কাগজ বা স্বল্পমূল্যের পচনশীল উপাদানে তৈরি কাপ ও ব্যাগ ব্যবহারে উৎসাহিত করতে প্রচারণাসহ কার্যকর পদক্ষেপ নেওয়ার কথা বলা হয়েছে।

শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণে প্রতিটি আবাসিক হল ও একাডেমিক ভবনে মাসে অন্তত দুই দিন বা তার বেশি সময় পরিচ্ছন্নতা অভিযান পরিচালনার প্রস্তাবও দিয়েছে ছাত্রদল। পাশাপাশি প্রশাসনের পক্ষ থেকে আবাসিক ও একাডেমিক ভবনগুলোকে নিয়মিত পরিচ্ছন্নতা কার্যক্রমের আওতায় রাখার দাবি জানানো হয়েছে।

স্মারকলিপিতে বিশ্ববিদ্যালয়ের আবাসিক ও একাডেমিক ভবনগুলোর টয়লেট, ওয়াশরুমসহ স্যানিটেশন ব্যবস্থা সংস্কার ও উন্নয়নের দাবি জানিয়ে সেগুলো নিয়মিত রক্ষণাবেক্ষণ ও পরিষ্কার-পরিচ্ছন্নতার আওতায় আনার কথা বলা হয়েছে।

এছাড়া প্রতিটি আবাসিক হল ও একাডেমিক ভবনের ক্যান্টিন এবং ক্যাফেটেরিয়াকে কেন্দ্রীয় মনিটরিংয়ের আওতায় আনার দাবি জানানো হয়েছে।

মনিটরিংয়ের মাধ্যমে পাওয়া তথ্যের ভিত্তিতে ত্রৈমাসিক খাদ্য ও পরিবেশবিষয়ক শ্বেতপত্র প্রকাশের প্রস্তাব দিয়েছে সংগঠনটি। এর মাধ্যমে ক্যাম্পাসের খাদ্য ও পরিবেশ পরিস্থিতি বৈজ্ঞানিক পদ্ধতিতে সবার সামনে তুলে ধরে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়।

ক্যাম্পাসের পরিবেশ ও প্রাকৃতিক সৌন্দর্য রক্ষায় নতুন বৃক্ষরোপণের উপযুক্ত স্থান নির্ধারণ এবং পুরোনো বৃক্ষসমূহের যথাযথ রক্ষণাবেক্ষণ ও নিয়মিত তদারকির জন্য কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবিও স্মারকলিপিতে উল্লেখ করা হয়েছে।

কর্মসূচিতে ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস ও সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপনসহ ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন