পাবনা বিজ্ঞান ও প্রযুক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এস এম আব্দুল-আওয়াল বলেছেন, জীবনে ভালোকিছু করতে হলে কঠোর পরিশ্রমের মাধ্যমে তা অর্জন করা যায়। পরিশ্রম ব্যতীত কোনো নতুনত্ব আসতে পারেনা। প্রতিটি উদ্ভাবনের পেছনেই লুকায়িত থাকে মেধা ও শ্রম।
বুধবার বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের আয়োজনে জাতীয় হাইস্কুল প্রোগ্রামিং প্রতিযোগিতা ২০২৫ অনুষ্ঠিত প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।
বিশ্ববিদ্যালয়ের কনভেনশন হলে বুধবার সকাল পৌনে ৯টায় (১৮ জুন) উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. নজরুল ইসলাম প্রতিযোগিতার উদ্বোধন করেন। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. শামীম আহসান এবং ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি অনুষদের ডিন অধ্যাপক ড. শেখ রাসেল আল আহম্মেদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিএসই বিভাগের চেয়ারম্যান ড. মো. আব্দুর রহিম।
অনুষ্ঠান সূচিতে ছিল আইসিটি কুইজ, দাবা প্রতিযোগিতা, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) এবং সাইবার সিকিউরিটি সেমিনার। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সহযোগিতায় বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা দিনব্যাপী এই প্রোগ্রামিং প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। প্রতিযোগিতায় বিভিন্ন হাইস্কুলের প্রায় চারশত শিক্ষার্থী অংশগ্রহণ করেন।
উপাচার্য অধ্যাপক ড. এস এম আব্দুল-আওয়াল শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, তোমরাই আমাদের আগামী দিনের ভবিষ্যৎ, তোমরাই বাংলাদেশ। তোমাদের উপরই বাংলাদেশ নির্ভর করছে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

