ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ভারপ্রাপ্ত প্রক্টর হিসেবে নিয়োগ পেয়েছেন চারুকলা অনুষদের গ্রাফিক ডিজাইন বিভাগের সহযোগী অধ্যাপক মো. ইসরাফিল প্রাং (ইসরাফিল রতন)।
রোববার (১০ মে) বিকেলে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মুনসী শামস উদ্দিন আহম্মদ স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম তাকে ১০ মে থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ভারপ্রাপ্ত প্রক্টর হিসেবে নিয়োগ দিয়েছেন।
চিঠিতে আরও উল্লেখ করা হয়, দায়িত্ব পালনের ক্ষেত্রে তিনি বিধি মোতাবেক ভাতা ও অন্যান্য সুবিধা প্রাপ্য হবেন এবং বিশ্ববিদ্যালয়ের বৃহত্তর স্বার্থে যেকোনো সময় এ নিয়োগ বাতিল করা যেতে পারে।
এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যালেন্ডার পার্ট-২ (১৯৯৭)-এর ১১ অধ্যায়ে প্রক্টরের দায়িত্ব ও কর্মপদ্ধতি সম্পর্কিত বিধি-বিধানের প্রতি তার দৃষ্টি আকর্ষণ করা হয়েছে। দায়িত্ব গ্রহণ করে যোগদানপত্র রেজিস্ট্রার অফিসে জমা দেওয়ার জন্যও তাকে অনুরোধ করা হয়েছে।
এর আগে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দীন আহম্মদ ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করেন।
রোববার দুপুরে তিনি উপাচার্যের কাছে তার পদত্যাগপত্র জমা দেন। প্রক্টরের দায়িত্ব পাওয়া ইসরাফিল প্রাং এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।
এএস
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

