জুলাই শহীদদের স্মরণে ছাত্রদলের দোয়া মাহফিল

জুলাই শহীদদের স্মরণে ছাত্রদলের দোয়া মাহফিল
জুলাই শহিদদের স্মরণে ঢাবিতে ছাত্রদলের দোয়া মাহফিল। ছবি: আমার দেশ

জুলাই অভ্যুত্থানে শহীদদের আত্মার মাগফেরাত এবং আহতদের দ্রুত সুস্থতা কামনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল।

বুধবার (২২ জুলাই) বাদ আসর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে ছাত্রদলের কেন্দ্রীয় নেতাকর্মীরা অংশ নেন।

বিজ্ঞাপন

অনুষ্ঠানে ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির বলেন, গত ১ জুলাই থেকে শহীদদের স্মরণে মোমবাতি প্রজ্বালনসহ ধারাবাহিক কর্মসূচি পালন করে আসছে ছাত্রদল। জুলাই ও আগস্ট জুড়ে এসব কর্মসূচি চলবে। এরই ধারাবাহিকতায় শহিদদের আত্মার মাগফেরাত এবং আহতদের দ্রুত সুস্থতা কামনায় এ মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।

তিনি বলেন, ইতোমধ্যে জুলাই-আগস্টের পাঁচটি মামলার রায় হয়েছে। বাকি হত্যা মামলাগুলোরও দ্রুত তদন্ত শেষ করে বিচার সম্পন্ন এবং রায় কার্যকরের দাবি জানান তিনি। একই সঙ্গে আহতদের দ্রুত সুস্থতা কামনা, শহিদদের আত্মার মাগফেরাত এবং শহিদ পরিবারের প্রতি সমর্থন ও সংহতি প্রকাশ করেন।

এ সময় ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বলেন, জুলাই-আগস্টের গণ-আন্দোলনের আকাঙ্ক্ষা বাস্তবায়নে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। এ ঘটনায় জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হবে বলে তাদের জানানো হয়েছে।

তিনি আরও বলেন, ইতোমধ্যে শহীদ আবু সাঈদ হত্যা মামলাসহ কয়েকটি মামলার রায় ঘোষণা হয়েছে। অবশিষ্ট মামলাগুলোরও দ্রুত নিষ্পত্তি এবং ঘোষিত রায়ের কার্যকর বাস্তবায়ন হবে বলে তারা আশা করছেন।

মিলাদ ও দোয়া মাহফিলে জুলাই অভ্যুত্থানে শহিদদের আত্মার শান্তি কামনা এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন