ঢাবিতে লোকপ্রশাসন বিভাগের প্রথম আন্তর্জাতিক সম্মেলন শুরু ৩ অক্টোবর, থাকছে ৭৬ গবেষণাপত্র

ঢাবিতে লোকপ্রশাসন বিভাগের প্রথম আন্তর্জাতিক সম্মেলন শুরু ৩ অক্টোবর, থাকছে ৭৬ গবেষণাপত্র

দেশ-বিদেশের গবেষকদের অংশগ্রহণে ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের প্রথম আন্তর্জাতিক সম্মেলন শুরু হচ্ছে আগামী ৩ অক্টোবর। দুই দিনব্যাপী এ সম্মেলনে ১১টি দেশ থেকে জমা পড়া ১৮০টি গবেষণাপত্রের মধ্য থেকে নির্বাচিত ৭৬টি গবেষণাপত্র ১৫টি সেশনে উপস্থাপন করা হবে। সম্মেলনে বৈশ্বিক সংকটের প্রেক্ষাপটে জনপ্রশাসন, শাসনব্যবস্থা ও নীতিগত প্রতিক্রিয়ার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করবেন শিক্ষক, গবেষক, নীতিনির্ধারক, পেশাজীবী ও শিক্ষার্থীরা।

বিজ্ঞাপন

‘Rethinking Public Administration in an Era of Global Crisis: Governance and Policy Responses’ প্রতিপাদ্যে আগামী ৩ ও ৪ অক্টোবর ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী সিনেট ভবনে এ সম্মেলন অনুষ্ঠিত হবে। সম্মেলনটি হাইব্রিড পদ্ধতিতে আয়োজন করা হয়েছে। নির্বাচিত ৭৬টি গবেষণাপত্রের মধ্যে ৬৭টি সরাসরি এবং ৯টি অনলাইনে উপস্থাপন করা হবে।

বুধবার (৩০ সেপ্টেম্বর) লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক সাইয়েদ গিয়াসউদ্দিন মেমোরিয়াল কনফারেন্স কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান বিভাগের চেয়ারপারসন ও সম্মেলনের কনভেনার অধ্যাপক ড. সৈয়দা লাসনা কবির।

সংবাদ সম্মেলনে অধ্যাপক সৈয়দা লাসনা কবির বলেন, দেশ ও দেশের বাইরের গবেষকদের নিয়ে একটি আন্তর্জাতিক সম্মেলন আয়োজনের স্বপ্ন থেকেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। বিভিন্ন বাধা উপেক্ষা করে দেশ-বিদেশের গবেষকদের অংশগ্রহণে একটি আন্তর্জাতিক প্ল্যাটফর্ম তৈরি করাই সম্মেলনের অন্যতম লক্ষ্য।

তিনি বলেন, ‘এ সম্মেলনে ১৮০টি গবেষণাপত্র জমা পড়েছে। এর মধ্যে ৭৬টি গবেষণাপত্র সম্মেলনে উপস্থাপন করা হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়সহ ১৪টি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা তাঁদের গবেষণাপত্র জমা দিয়েছেন।’

তিনি আরও বলেন, দেশ-বিদেশের গবেষকদের অংশগ্রহণের মাধ্যমে সম্মেলনটি জনপ্রশাসন বিষয়ে গবেষণা, জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময়ের একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে বলে তাঁরা আশা করছেন।

আয়োজকেরা জানান, বৈশ্বিক সংকটের বর্তমান বাস্তবতায় জনপ্রশাসন, শাসনব্যবস্থা ও নীতিগত প্রতিক্রিয়ার বিভিন্ন দিক নিয়ে গবেষকদের মধ্যে জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ তৈরি করা সম্মেলনের অন্যতম উদ্দেশ্য। একই সঙ্গে গবেষক, শিক্ষক, নীতিনির্ধারক, প্রশাসনের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তি, পেশাজীবী ও শিক্ষার্থীদের একই প্ল্যাটফর্মে যুক্ত করে সমসাময়িক জনপ্রশাসনের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা ও মতবিনিময়ের সুযোগ তৈরি করা হবে।

সম্মেলনে উপস্থাপিতব্য গবেষণাগুলোতে আধুনিক শাসনব্যবস্থার বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় উঠে আসবে। এর মধ্যে রয়েছে জলবায়ু পরিবর্তন, প্রযুক্তিগত রূপান্তর, অর্থনৈতিক ও সামাজিক অনিশ্চয়তা, গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোর বিভিন্ন চ্যালেঞ্জ, ডিজিটাল পরিবর্তন, জনআস্থা, জলবায়ু শাসন এবং নীতিগত উদ্ভাবন।

দুই দিনে ১৫টি সেশনে ৭৬টি গবেষণাপত্র উপস্থাপনের পাশাপাশি সমসাময়িক জনপ্রশাসন ও শাসনব্যবস্থার নানা দিক নিয়ে আলোচনা হবে। দেশ-বিদেশের শিক্ষক, গবেষক, নীতিনির্ধারক, প্রশাসন সংশ্লিষ্ট ব্যক্তি ও শিক্ষার্থীরা এসব আয়োজনে অংশ নেবেন।

সম্মেলনের উদ্বোধনী বক্তা হিসেবে থাকবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. আকা ফিরোজ আহমদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম। এছাড়া অতিথি হিসেবে থাকবেন বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (একাডেমিক) অধ্যাপক ড. আবদুস সালাম, সামাজিক বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক কাজী মোহাম্মদ মাহবুবুর রহমান, বিসিএস প্রশাসন একাডেমির রেক্টর (সচিব) ড. মোহাম্মদ আলতাফ-উল-আলম এবং বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের চেয়ারম্যান ও DUPAAA-এর সভাপতি জালাল আহমেদ।

সম্মেলনের সমাপনী পর্বে বক্তব্য দেবেন কানাডার ম্যাকমাস্টার বিশ্ববিদ্যালয়ের এমেরিটাস অধ্যাপক ড. আহমেদ শফিকুল হক। এ ছাড়া সাউথ এশিয়ান নেটওয়ার্ক ফর পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন (SANPA)-এর সেক্রেটারি ড. মোহাম্মদ মিজানুর রহমান এবং বাংলাদেশ পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন ট্রেনিং সেন্টারের (BPATC) রেক্টর সাঈদ মাহবুব খানসহ দেশ-বিদেশের বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ নেবেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন