নারী শিক্ষার্থীকে নিয়ে আপত্তিকর মন্তব্যের অভিযোগে জাতীয় ছাত্রশক্তির এক নেতার দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) মানববন্ধন করেছেন একদল শিক্ষার্থী। এ সময় বক্তারা অভিযুক্তের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের পাশাপাশি ক্যাম্পাসে নারী শিক্ষার্থীদের জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিত করার দাবি জানান।
শনিবার দুপুর ১টার দিকে বিশ্ববিদ্যালয়ের গোলচত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন বিভাগের শিক্ষার্থী এবং কয়েকটি ছাত্রসংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।
অভিযোগ ওঠা শিক্ষার্থী সাজিদ আহমেদ মোল্লা বিশ্ববিদ্যালয়ের কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড পলিমার সায়েন্স বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। তিনি শাবিপ্রবি শাখা ছাত্রশক্তির যুগ্ম আহ্বায়ক ছিলেন।
মানববন্ধনে বক্তারা বলেন, অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে ওঠা অভিযোগ কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। সাম্প্রতিক সময়ে নারীকে অবমাননা, ভিকটিম ব্লেমিং এবং ব্যক্তিগত তথ্য প্রকাশের মতো ঘটনার ধারাবাহিকতায় এ ধরনের ঘটনা ঘটছে বলে তারা অভিযোগ করেন। তাদের দাবি, এসব ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা না নেওয়ায় নারীবিদ্বেষী মনোভাব উৎসাহিত হচ্ছে।
বাংলাদেশ ছাত্র ইউনিয়ন শাবিপ্রবি শাখার সংগঠক নাজনীন লিজা বলেন, ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের এক নারী শিক্ষার্থীকে নিয়ে অভিযুক্ত ছাত্রশক্তি নেতার মন্তব্য অত্যন্ত কুরুচিপূর্ণ ও নারীর প্রতি অবমাননাকর। তিনি অভিযোগ করেন, অভিযুক্তের বিরুদ্ধে এর আগেও নারীসংক্রান্ত বিভিন্ন বিষয়ে বিতর্কিত মন্তব্যের অভিযোগ রয়েছে।
তিনি বলেন, শুধু সংগঠন থেকে অব্যাহতি দেওয়া যথেষ্ট শাস্তি নয়। প্রশাসনের পক্ষ থেকে এমন দৃষ্টান্তমূলক ব্যবস্থা নিতে হবে, যাতে ভবিষ্যতে কেউ এ ধরনের অপরাধ করার সাহস না পায়।
নাজনীন লিজা আরও বলেন, নারীদের বিরুদ্ধে অপপ্রচার, ব্যক্তিগত আক্রমণ, স্লাট শেমিং এবং অভিযোগকারীর পরিচয় প্রকাশের সংস্কৃতি বন্ধ করতে হবে। অন্যথায় ক্যাম্পাসে নারী শিক্ষার্থীদের নিরাপত্তা ও অংশগ্রহণ বাধাগ্রস্ত হবে।
মানববন্ধনে শাবিপ্রবি ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আশিকুর রহমান বলেন, বর্তমান সময়েও কিছু মানুষের বিকৃত মানসিকতার কারণে নারীরা নিরাপত্তাহীনতার মুখে পড়ছেন। নারীদের ভোগের বস্তু হিসেবে দেখার মানসিকতা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
তিনি বলেন, অভিযুক্তের বক্তব্য তার মানসিকতার পরিচয় বহন করে। বিশ্ববিদ্যালয় প্রশাসনের উচিত দ্রুত তদন্ত করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা। একই সঙ্গে তিনি সবাইকে এ ধরনের ঘটনার বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানান।
মানববন্ধন থেকে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে দ্রুত তদন্ত, অভিযুক্তের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং ক্যাম্পাসে নারী শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান।
এর আগে বৃহস্পতিবার ‘প্রাইভেট ইউনিভার্সিটি স্টুডেন্টস অ্যালায়েন্স অব বাংলাদেশ-পুসাব’ নামে একটি ফেসবুক পেজের পোস্টে শাবিপ্রবি শাখার যুগ্ম আহ্বায়ক সাজিদ আহমেদ মোল্লার মেসেঞ্জার কথোপকথনের কিছু অংশ ছড়িয়ে পড়ে। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা ও সমালোচনা শুরু হয়।
পরে অভিযোগের পরিপ্রেক্ষিতে ছাত্রশক্তির কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মাহফুজুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে সভাপতি জাহিদ আহসান ও সাধারণ সম্পাদক আবু বাকের মজুমদারের নির্দেশক্রমে সাজিদ আহমেদ মোল্লাকে সংগঠন থেকে অব্যাহতি দেওয়া হয়।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

