বেরোবিতে ছাত্রশিবিরের দিনব্যাপী ‘জুলুমের বিরুদ্ধে জুলাই’ প্রদর্শনী

বেরোবি প্রতিনিধি

বেরোবিতে ছাত্রশিবিরের দিনব্যাপী ‘জুলুমের বিরুদ্ধে জুলাই’ প্রদর্শনী

জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) শাখা বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে দিনব্যাপী ‘জুলুমের বিরুদ্ধে জুলাই’ শীর্ষক একটি প্রদর্শনীর আয়োজন করা হয়েছে।

বিজ্ঞাপন

সোমবার (৩ আগস্ট) দুপুর সাড়ে ১২টায় বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা স্মারক মাঠে শাখা সভাপতি মো. আব্দুর রাকিব মিয়ার নেতৃত্বে প্রদর্শনীর উদ্বোধন করা হয়। এ সময় শাখার বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল ও সাধারণ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

আয়োজকদের দাবি, প্রদর্শনীতে রংপুর অঞ্চল ও বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়কে কেন্দ্র করে জুলাই আন্দোলনের বিভিন্ন আলোকচিত্র, শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের নির্যাতনের অভিযোগসংবলিত ছবি এবং পিলখানা হত্যাকাণ্ড, ডিবি হারুনের ‘ভাতের হোটেল’ প্রসঙ্গসহ বিগত সরকারের বিভিন্ন কর্মকাণ্ড নিয়ে ব্যঙ্গাত্মক চিত্র ও তথ্যচিত্র প্রদর্শন করা হয়েছে। প্রদর্শনীতে শেখ হাসিনার ফাঁসির ছবি বা উল্লেখও স্থান পেয়েছে বলে তারা জানান।

বেরোবি শাখা ছাত্রশিবিরের সভাপতি মো. আব্দুর রাকিব মিয়া বলেন, “জুলাইকে বাঁচিয়ে রাখতে এবং জুলাইয়ের শহীদদের স্মরণে আমাদের এই প্রদর্শনীর আয়োজন। নতুন স্বাধীনতার চেতনাকে ধারণ করার পাশাপাশি স্বৈরাচারী সময়ের বিভিন্ন কর্মকাণ্ড শিক্ষার্থীদের সামনে তুলে ধরাই আমাদের উদ্দেশ্য। প্রদর্শনীতে পিলখানা হত্যাকাণ্ড, জুডিশিয়াল কিলিং, ধর্ষণসহ বিভিন্ন বিষয় তুলে ধরা হয়েছে।”

প্রদর্শনী দেখতে আসা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মাহমুদুল হাসান বলেন, “আলোকচিত্র ও তথ্যচিত্রের মাধ্যমে জুলাই আন্দোলনের বিভিন্ন ঘটনা সম্পর্কে জানার সুযোগ হয়েছে। ইতিহাসের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো নতুন প্রজন্মের সামনে তুলে ধরতে এ ধরনের আয়োজন ইতিবাচক ভূমিকা রাখতে পারে।”

আরেক শিক্ষার্থী তানজিলা আক্তার বলেন, “একটি প্রদর্শনীতে আন্দোলনের বিভিন্ন দিক ও নানা ঘটনার তথ্য একসঙ্গে দেখানো হয়েছে। এতে সে সময়ের প্রেক্ষাপট সম্পর্কে ধারণা পাওয়া যায় এবং ইতিহাস জানার আগ্রহ বাড়ে।”

দিনব্যাপী চলা এ প্রদর্শনীতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীসহ বিপুলসংখ্যক দর্শনার্থী অংশ নেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন