স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে দিনব্যাপী উত্তাল ঢাবি

স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে দিনব্যাপী উত্তাল ঢাবি

সারা দেশে অব্যাহত হত্যা, নারী ও শিশু ধর্ষণ, ছিনতাই, ডাকাতি বেড়ে যাওয়ার প্রতিবাদ, ধর্ষকদের গ্রেপ্তার করে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করাসহ স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরীর (অব.) দায় স্বীকার করে পদত্যাগের দাবিতে বিক্ষোভ ও মশাল মিছিল, পদযাত্রা ও সমাবেশসহ দিনভর উত্তাল সময় পার হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে।

বিজ্ঞাপন

রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে সন্ধ্যা ও রাতে ছিনতাই ও ডাকাতির ঘটনায় রোববার দিবাগত রাত থেকেই বিক্ষোভ শুরু হয় ঢাবিতে। প্রথমে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল বের করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। রাত একটা নাগাদ বিভিন্ন হল থেকে বিক্ষোভ মিছিল বের করে রাজু ভাস্কর্যের পাদদেশে এসে সমবেত হন তারা।

এসময় তারা স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে 'এক দুই তিন চার, জাহাঙ্গীর তুই গদি ছাড়', 'একশন টু একশন, ডাইরেক্ট একশন', 'দফা এক, দাবি এক, পদত্যাগ পদত্যাগ'সহ বিভিন্ন স্লোগান দিতে থাকেন।

ঢাবি 2

মিছিলে অংশ নেয়া শিক্ষার্থীরা জানান, দেশে ছিনতাই, ডাকাতির পরিমাণ হু হু করে বাড়লেও স্বরাষ্ট্র উপদেষ্টা কোনো কার্যকরী পদক্ষেপ নিতে পারছে না। বরং পরিস্থিতি স্বাভাবিক আছে বলে মিডিয়ায় বলছেন। এটা কোনোভাবেই মেনে নেওয়ার মতো না। দেশের আইনশৃঙ্খলা রক্ষা করতে হবে নতুবা গদি ছাড়তে হবে।

দুপুরে কেন্দ্রীয় শহীদ মিনারে দেশের চলমান অস্থিতিশীল পরিস্থিতি ও আইনশৃঙ্খলার অবনতির ঘটনায় স্বরাষ্ট্র উপদেষ্টার ক্ষমা চেয়ে পদত্যাগের দাবিতে শহীদ মিনার থেকে পদযাত্রা করে ‘ধর্ষণ ও নিপীড়নের বিরুদ্ধে বাংলাদেশ’-এর ব্যানারে আন্দোলনকারী একদল শিক্ষার্থী। পদযাত্রাটি শহীদ মিনার থেকে টিএসসি দিয়ে দোয়েল চত্বর হয়ে শিক্ষাভবন মোড়ে গেলে পুলিশ বাঁধার দেয়। পরে পুনরায় বিকেল চারটায় শহীদ মিনারে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের জন্য ২৪ ঘণ্টার আলটিমেটাম দেন আন্দোলনকারীরা।

ঢাবি 3

বিকেল চারটায় মধুর ক্যান্টিনে জনগণের চরম নিরাপত্তাহীনতা তৈরি করে জুলাইয়ের বাংলাদেশকে অকার্যকর করার ষড়যন্ত্রের প্রতিবাদে সংবাদ সম্মেলনেও স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাদের দাবি জানান সংগঠনটির মুখপাত্র শরীফ ওসমান হাদি।

পরে সন্ধ্যায় একাধিক মশাল ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। সন্ধ্যা সাড়ে ছয়টায় টিএসসি থেকে একই দাবিতে একত্রে মশাল মিছিল করে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট ও বাংলাদেশ ছাত্র ইউনিয়ন। মশাল মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে টিএসসির ডাস চত্বরে এসে সমাবেশের মাধ্যমে শেষ হয়। এসময় ছাত্র ইউনিয়নের (একাংশ) সাধারণ সম্পাদক মাহির শাহরিয়ার রেজা বলেন, ছাত্র ইউনিয়নের সভাপতি মাহির শাহরিয়ার রেজা বলেন, আমাদের দাবি সারাদেশে অব্যহতভাবে খুন, ধর্ষণরোধে কার্যকরী পদক্ষেপ গ্রহণ এবং দায়ীকদের বিচারের আওতায় আনতে হবে। অথর্ব স্বরাষ্ট্র উপদেষ্টাকে দেশে চলমান খুনের দায়ভার নিয়ে পদত্যাগ করতে হবে৷

পরে সন্ধ্যা সাতটায় রাজু ভাস্কর্যের পাদদেশে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীরা চলমান নারী ও শিশু ধর্ষণের প্রতিবাদ ও স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে প্রতিবাদ মিছিল ও বিক্ষোভ সমাবেশ করে। সমাবেশে বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষার্থী আশরেফা খাতুন বলেন, আগস্টের পরে আবার এভাবে রাজুতে দাঁড়িয়ে নিরাপত্তার জন্য কথা বলতে হবে এর জন্য লজ্জা লাগে। এই গণঅভ্যুত্থানের পরও আমাদের নারীরা নিরাপত্তা পাচ্ছে না অথচ কোন ধরনের ব্যবস্থা নেয়া হচ্ছে না। এই ৭২ ঘণ্টায় কত ধর্ষণের ঘটনা ঘটেছে অথচ আমাদের জন্য রাষ্ট্র কোন কার্যকর ব্যবস্থা নিতে পারছে না। আগের রাষ্ট্র কাঠামো যা ছিল এখনও তাই আছে। এসময় অন্তর্বর্তীকালীন সরকারের কাছে দ্রুত বিচার প্রত্যাশা করেন তিনি।

ঢাবির নারী শিক্ষার্থীদের সমাবেশ শেষ হলে একই দাবিতে রাজুতে মশাল মিছিল করে ছাত্র ফেডারেশন ঢাবি ও মহানগর শাখা। এসময় বক্তারা দ্রুত অস্থিতিশীল পরিস্থিতির অবসান ঘটিয়ে আইনশৃঙ্খলার উন্নতি করতে সরকারকে আহ্বান জানান।

এদিকে একই সময়ে শেখ হাসিনার আস্থাভাজন আমলাদের অপসারণ ও শাস্তির দাবিতে 'ফ্যাসিবাদ বিরোধী শিক্ষার্থী' ব্যানারে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শাহবাগের উদ্দেশ্যে মশাল মিছিল করে একদল আন্দোলনকারী। মশাল মিছিলটি শাহবাগে গিয়ে শেষ হয়। এসময় তারা শেখ হাসিনার মদদপুষ্ট আমলাদের দ্রুত অপসারণের দাবি জানান।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন